ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে মাগুরায় সমাবেশ
“লাভজনক নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেয়ার মাধ্যমে বর্তমান সরকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে।”
বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ইজারার চুক্তি বাতিলের দাবিতে মাগুরায় সমাবেশ করেছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট।
রোববার বেলা ১১টায় মাগুরা প্রেস ক্লাবের সামনে জোটের জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার সভাপতি এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী কমিউনিস্ট লীগ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম ফিরোজ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমান।
সমাবেশে এটিএম মহব্বত আলী বলেন, লাভজনক নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেয়ার মাধ্যমে বর্তমান সরকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে।
‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগান দিয়ে বাংলাদেশের স্বার্থ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
প্রকৌশলী শম্পা বসু বলেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আমেরিকার নৌবাহিনীর চুক্তি থাকায় আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্যও এটি মারাত্মক হুমকি।
সিপিবি নেতা এটিএম আনিসুর রহমান বলেন, পরিচালনার নামে বিদেশি কোম্পানির হাতে বন্দরের কর্তৃত্ব তুলে দিতেই সরকার চুক্তি করছে। এতে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হবে।
সমাবেশ থেকে বক্তার দেশবিরোধী এ চুক্তির বিরুদ্ধে দেশবাসীকে রাজপথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
