ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে ‘পুশ ইনের’ চেষ্টা, বিজিবির বাধা
ওই চারজন শূন্যরেখা থেকে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কলা বাগানের ভেতর অবস্থান করছে বলে জানিয়েছে বিজিবি।
ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ চারজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা প্রতিহত করার দাবি করেছে বিজিবি।
শনিবার দুপুরে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ উপজেলার চাপাতলা সীমান্ত দিয়ে তাদের পুশ ইনের চেষ্টা করে বলে জানিয়েছেন বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি এমদাদুল ইসলাম।
বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, দুপুর দেড়টার দিকে ভারতের মহেন্দ্র ক্যাম্পের বিএসএফ সদস্যরা চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন। বিষয়টি নজরে আসলে তাদের প্রতিহত করে কুসুমপুর বিওপির বিজিবির টহল দল।
বিজিবির বাধা পেয়ে তারা শূন্যরেখা থেকে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কলা বাগানের ভেতর অবস্থান করছেন। এ দলে দুইজন পুরুষ, একজন নারী ও একজন শিশু রয়েছে।
পরে বিজিবির পক্ষ থেকে বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।
