১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভোটকেন্দ্রে ‘ইঞ্জিনিয়ারিং’ হতে পারে, আগেই এজেন্টদের উপস্থিত থাকার নির্দেশ টুকুর

“ভোটাররা কেন্দ্রে আসলে এজেন্টরা চেক করে দেখবেন সে প্রকৃত পক্ষে ভোটার কি-না বা ছবিযুক্ত ভোটার তালিকার সাথে নামের মিল আছে কি না।”

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2026, 04:15 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

ভোটের দিন কেন্দ্র দখল বা কারচুপির আশঙ্কার কথা জানিয়ে ভোট শুরুর আগেই এজেন্টদের কেন্দ্রে উপস্থিত থাকতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সোমবার দুপুরে শহরের সয়াধানগড়া পুকুরচালা এলাকায় আয়োজিত নির্বাচনি সভায় তিনি এ কথা বলেন।

টুকু বলেছেন, “ভোটের দিন কেন্দ্রগুলোতে ইঞ্জিনিয়ারিং হতে পারে। এজন্য ভোট শুরুর আগেই এজেন্টদের কেন্দ্রে যেতে হবে। ব্যালটের বাক্সগুলো খালি আছে কি-না সেটা চেক করতে হবে।

“ভোটাররা কেন্দ্রে আসলে এজেন্টরা চেক করে দেখবেন সে প্রকৃত পক্ষে ভোটার কি-না বা ছবিযুক্ত ভোটার তালিকার সাথে নামের মিল আছে কি না।”

আওয়ামীলীগ সমর্থক ভোটারদের উদ্দেশ্যে বিএনপি নেতা টুকু বলেন, “৫ অগাস্টের পর দোষীদের সঙ্গে বিনা কারণেও কিছু আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েছে। ভোটের পর ওই সব মামলা প্রত্যাহার করে নেওয়া হবে, কেউ হয়রানির শিকার হবেন না।”

এ সময় সকলের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি।

জনসভায় জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজসহ জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।