শেরপুরে মরিচ ক্ষেতে ধরা পড়ল অজগর, পরে অবমুক্ত
আট ফুট লম্বা অজগরটি মধুটিলা বনে অবমুক্ত করা হয়েছে বলে জানায় বন বিভাগ।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মরিচ ক্ষেত ঘিরে রাখা জালে আটকে পড়া একটি অজগর উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে অজগরটি মধুটিলা বনে অবমুক্ত করা হয়।
মঙ্গলবার বিকালে উপজেলার হাতিপাগার গ্রামের কৃষক সিরাজুল ইসলামের ক্ষেত থেকে সাপটি উদ্ধার করা হয় বলে জানান বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম।
স্থানীয়রা জানান, বিকালে ওই গ্রামের নাহিদ ও লুৎফর মাছ ধরার জন্য পিঁপড়ার ডিম সংগ্রহ করতে ভোগাই নদীর ধারে যান। এ সময় তারা মরিচের ক্ষেতের আইলে সুতার জাল দিয়ে ঘেরা বেড়ায় একটি সাপ আটকে থাকতে দেখেন।
পরে কাছে গিয়ে সাপটি অজগর বলে চিনতে পেরে তারা নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানকে জানান।
খবর পেয়ে ইউপি চেয়ারম্যান বিষয়টি মধুটিলা রেঞ্জ কর্মকর্তাকে জানান। পরে বন বিভাগের লোকজন অজগরটি উদ্ধার করে নিয়ে যান। এ সময় অজগরটি একনজর দেখতে উৎসুক মানুষ ভিড় করেন।
নদীপথে পাহাড় থেকে অজগরটি ভেসে এসে নদীর ধারে ক্ষেতে জালে আটকা পড়ে বলে ধারণা করছেন বন বিভাগের লোকজন।
বন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, অজগরটি লম্বায় আট ফুটের উপরে এবং ওজন প্রায় নয় কেজি। অজগরটির গায়ে আটকে থাকা জাল কেটে সন্ধ্যায় সুস্থ অবস্থায় মধুটিলা বনে অবমুক্ত করা হয়েছে।
