২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালিয়ে আসা সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জন ফিরলেন মিয়ানমারে

এর আগে তিন ধাপে মিয়ানমার থেকে পালিয়ে আসা ৭৫২ জনকে সমুদ্রপথে ফেরত পাঠানো হয়েছিল বলে জানায় বিজিবি।

পালিয়ে আসা সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জন ফিরলেন মিয়ানমারে
মিয়ানমার থেকে পালিয়ে আসা সেনা ও বিজিপির সদস্যসহ ৪০ জনকে বিজিবির পাহারায় কক্সবাজার বিমানবন্দরে নেওয়া হয়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2025, 03:24 PM

Updated : 26 Aug 2026, 12:40 PM

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও বিজিপির ৩৪ সদস্যসহ ৪০ নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বুধবার দুপুরে কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের একটি বিশেষ বিমানে করে তারা ফিরে যান বলে জানান বিজিবি কক্সবাজার জোনের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান।

বিজিবি জানায়, রাখাইনে সংঘাত শুরু হওয়ার পর সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে ওই ৪০ জন বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের মধ্যে মিয়ানমার সেনা ও বিজিপি সদস্য ৩৪ জন এবং ছয়জন সাধারণ নাগরিক।

কক্সবাজার বিমানবন্দরের পরিচালক মো. গোলাম মর্তুজা হোসেন বলেন, মিয়ানমার থেকে একটি বিশেষ বিমান দুপুর দেড়টায় কক্সবাজারে অবতরণ করে। 

যেহেতু বিমানবন্দরটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য নিয়মিত ব্যবহার হয় না, তাই বিশেষ ব্যবস্থায় ইমিগ্রেশনসহ সব প্রক্রিয়া সম্পন্ন করা হয় বলে জানান তিনি। 

উড়োজাহাজটি বেলা ৩টায় কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করে বলে জানান গোলাম মর্তুজা। 

এর আগে তিন ধাপে মিয়ানমার থেকে পালিয়ে আসা ৭৫২ জনকে সমুদ্রপথে ফেরত পাঠানো হয়েছিল বলে জানায় বিজিবি।