দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যের ডাক রাজশাহী মহানগর বিএনপির
বুধবার দুপুরে দলের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মামুনুর রশিদ মামুন এ আহ্বান জানান।
দলীয় প্রার্থীর পক্ষে সবাইকে নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন।
তিনি বলেছেন, “মহানগর বিএনপিতে কোনো বিভেদ নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।”
বুধবার দুপুরে দলের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল আসন্ন নির্বাচন। মহানগর নেতাকর্মীরা মিলেমিশে মাঠে নামবে। ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচার চালাবে এবং তাকে জেতাতে যা যা দরকার, আমরা তা করব।”
মামুন জানান, মহানগর বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধিদল এরই মধ্যেই মিজানুর রহমান মিনুর সঙ্গে দেখা করেছেন এবং নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। নির্বাচনের পরিকল্পনা একসঙ্গে বসে ঠিক করা হবে।
তার মতে, সম্প্রতি কেন্দ্র থেকে রাজশাহী মহানগর বিএনপির ১৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বড় দলের ক্ষেত্রে পদ প্রত্যাশী অনেক নেতা থাকায় পদ না পাওয়ায় কিছু নেতা হতাশ হয়েছেন। তিনি আশাবাদী, নেতাকর্মীরা সেই সব ভুলে গিয়ে মহানগর বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীকে জয়ী করতে কাজ করবেন।
সভা সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু।
রাজশাহী-২ আসনে এবার মনোনয়ন প্রত্যাশী ছিলেন চারজন। মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
