দেশে অর্থনৈতিক চাপ আছে কিন্তু সংকট নেই: প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী বলেন, “আমাদের প্রবাসী ভাইয়েরা যদি বেশি করে রেমিট্যান্স পাঠায়; আমাদের রপ্তানি আয়টা যদি আরেকটু বাড়ে, তাহলে আমরা আস্তে আস্তে চাপ থেকে মুক্ত হতে পারব।”
দেশে অর্থনৈতিক চাপ আছে কিন্তু সংকট নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
তিনি বলেছেন, “আইএমএফের নিয়ম অনুযায়ী, তিন মাসের আমদানির পরিমান রিজার্ভ থাকলেই যথেষ্ট। কিন্তু আমাদের এখনো সাড়ে চার মাসের রিজার্ভ আছে।”
শনিবার বিকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “আমরা বলতে চাচ্ছি, আমাদের প্রবাসী ভাইয়েরা যদি বেশি করে রেমিট্যান্স পাঠায়, আমাদের রপ্তানি আয়টা যদি আরেকটু বাড়ে, তাহলে আমরা আস্তে আস্তে চাপ থেকে মুক্ত হতে পারব। সবচেয়ে বড় কথা, বিদেশি বিনিয়োগ প্রয়োজন। আমাদের যে আমদানি- রপ্তানির গ্যাপ রয়েছে, এই গ্যাপ পূরণ করার জন্য আমাদের বিদেশি সরাসরি বিনিয়োগ দরকার।
“আমরা অনেক দেশ থেকে প্রতিশ্রুতি পেয়েছি। ওই বিনিয়োগগুলো চলে এলে আমরা অনেকটা চাপমুক্তভাবে আগের মত করে আমদানি-রপ্তানি করতে পারব।”
আলুর দাম বৃদ্ধির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “বিশ্বের ৯৩টি দেশের মধ্যে বাংলাদেশে আলুর দাম কম।”
নিত্য প্রয়োজনীয় সবজির দাম নিয়ে তিনি বলেন, “সবজির দাম মানুষের নাগালের মধ্যে আছে; পিঁয়াজের দাম একটু বাড়তি আছে, আমরা ভারত কিংবা প্রতিবেশী দেশ থেকে পিঁয়াজ আমদানি করে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে পারি।
“কৃষকেরা বলেন তারা ন্যায্য মূল্য পান না, আবার শহরের ভোক্তারা বেশি মূল্যে সবজি ক্রয় করেন। সবজি পরিবহনের সময়ই এর দাম বেড়ে যায়। কৃষকের সবজি পরিবহন ব্যবস্থা সহজ করা গেলে, এই সমস্যার সমাধান হতে পারে।”
প্রতিমন্ত্রী বলেন, “টাঙ্গাইলের দুটি জিআই পণ্য, টাঙ্গাইল শাড়ি ও চমচমের পাশাপাশি হস্তশিল্প আরও খাতে বিনিয়োগ করব।”
এর আগে বেলুন উড়িয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিকের উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।
জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে আরও ছিলেন- পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, আঞ্চলিক কার্যালয় বিসিক পরিচালক ও উপসচিব মো. আলমগীর হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মাদ আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ।
এতে স্বাগত বক্তব্য দেন টাঙ্গাইল বিসিকের সহকারী মহাব্যবস্থাপক শাহনাছ বেগম। মেলায় ৫৪টি স্টল অংশ নিয়েছে।
