১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় জুলাই যোদ্ধাদের ‘বয়কট’ স্লোগানে সভাস্থল ছাড়লেন এনসিপি নেতারা

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে প্রশাসন ও বিএনপির নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2026, 07:49 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাইবান্ধায় এক অনুষ্ঠানে ‘বয়কট বয়কট, এনসিপি বয়কট’ স্লোগান দিয়েছেন ‘জুলাই যোদ্ধারা’। বিক্ষোভের মুখে এনসিপির শীর্ষ নেতারা সভাস্থল ছেড়ে চলে যান।

বুধবার বেলা ১১টার দিকে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা’ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। 

তবে গাইবান্ধা জেলা এনসিপির আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদির দাবি, ছাত্রশক্তির কমিটির পদ-পদবি নিয়ে নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ ছিল। এ কারণে ক্ষুব্ধ হয়ে তারা বিক্ষোভ করেছেন।

গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক সৈয়দ মইনুল হাসান সাদিক, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, জুলাই যোদ্ধা আমিনুল হক এবং রিয়াদ হাসান বক্তব্য দেন।

এদিন বেলা ১১টার দিকে খাদেমুল ইসলাম খুদিসহ এনসিপির নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে প্রবেশ করলে জুলাই যোদ্ধারা বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ‘বয়কট বয়কট, এনসিপি বয়কট’, ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ বলে স্লোগান দেন।

পরে বিক্ষোভের মুখে খাদেমুল ইসলাম দলীয় নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। তারা চলে যাওয়ার পর প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‘জুলাই যোদ্ধা’ আমিনুল হক বলেন, “আমরা শুধু ভাতা কিংবা নামের জন্য এই আন্দোলন করিনি, রক্ত দেইনি। আমরা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগ্রাম করেছি। 

“দেশের জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে রাস্তা নেমে এসে হাসিনাকে তাড়িয়েছে, তা বাস্তবায়নে সরকারের প্রতি দাবি জানাই।”

অনুষ্ঠানের শুরুতে ২৫২ জন জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের হাতে সম্মাননা সূচক হিসেবে ক্রেস্ট ও একটি করে আম গাছের চারা বিতরণ করা হয়। 

এর আগে সকাল ১০টায় জেলা শহরের পৌরপার্কে ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।