১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মাছের খামার থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

“খামারের মেশিনের সঙ্গে আতিকের পা আটকে ছিল।”

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2024, 08:00 PM

Updated : 26 Aug 2026, 11:06 AM

চাঁদপুরের কচুয়া উপজেলায় একটি মাছের খামার থেকে চারদিন আগে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আতিক মজুমদার নামের ওই যুবকের লাশ উদ্ধারের খবর জানান কচুয়া থানার ওসি এম এ হালিম জানান।

নিহত ২৬ বছর বয়সী আতিক মজুমদার কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল মতিন মজুমদারের ছেলে।

আতিক কচুয়ায় গোঘরার বিলে মাছের খামারের শ্রমিক হিসেবে কাজ করতেন। সোমবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে তার লাশ ভেসে উঠতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। 

নিহতের বাবা সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন বলেন, “আমার ছেলে কয়েক দিন ধরে পানি সেচের কাজ করছিল। মেশিন আনতে গিয়ে আমার ছেলে নিখোঁজ হয়। আমার ছেলেকে কে বা কারা হত্যা করে সেচ মেশিনের সঙ্গে পানিতে ডুবিয়ে রাখে।

“সে ৯ ডিসেম্বর প্রজেক্টে আসার সময় নিখোঁজ হয়। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও না পেয়ে বুধবার কচুয়া থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয়েছিল। আমি ছেলে হত্যাকারীর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করছি।”

ওসি হালিম বলেন, “মৎস্য খামারের মেশিনের সঙ্গে আতিকের পা আটকে ছিল। তার লাশ উদ্ধার করে আপাতত থানায় নেওয়া হয়েছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে “

তিনি বলে, ঘটনাটি হত্যা না-কি স্বাভাবিক মৃত্যু তা তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।