মাদারীপুরে এক্সপ্রেসওয়ের পাশে থামা বাইকে বাসের ধাক্কা, নিহত ১
পুলিশ জানায়, এ ঘটনায় বাসের ১০/১২ যাত্রী সামান্য আহত হয়েছেন। তারা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়ের পাশে থেমে থাকা কয়েকটি বাইকে ঢাকাগামী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছে।
শুক্রবার দুপুরে এক্সপ্রেসওয়ের মুন্সীরবাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে বলে শিবচর হাইওয়ে থানা পুলিশ জানায়।
নিহত আকাশ শেখ (২৪) কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গটিয়াকয়া গ্রামের মন্টু শেখের ছেলে বলে জানিয়েছে শিবচর হাইওয়ে থানা পুলিশ।
এ ঘটনায় আরও চার বাইক আরোহী আহত হয়েছেন। এ ছাড়া বাসের ১০/১২ যাত্রী সামান্য আহত হন। তারা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শিবচর হাইওয়ে থানা পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে পাঁচটি বাইকে ঢাকা যাচ্ছিলেন ১০ জন। পথে ওই এক্সপ্রেসওয়ের পাশে বাইকগুলো দাঁড় করিয়ে রেখে আরোহীরা বিশ্রাম নিচ্ছিলেন।
এ সময় ঢাকাগামী স্বাধীন এক্সপ্রেসের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বাইকগুলোকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী আহাদ মুন্সী নামের এক যুবক বলেন, “কুষ্টিয়া থেকে তারা মোটরসাইকেল নিয়ে ঢাকা যাচ্ছিলেন। মুন্সীরবাজার এলাকার হাইওয়ের পাশে মোটরসাইকেল থামিয়ে কয়েকজন বিশ্রাম নিচ্ছিলেন। আবার কয়েকজন পাশের বাজারে গেছিলেন। এমন সময় বাসটি সড়ক থেকে পাশে এসে ওই মোটরসাইকেলগুলির ওপর উঠায় দেয়। পরে বাসটি সড়কের পাশের গাছপালার মধ্যে ঢুকে পড়ে।
“আমরা দৌড়ে গিয়ে ঘটনাস্থলেই একজনকে মৃত অবস্থায় দেখি, আরও কয়েক জন গুরুতর আহত। তাদের কাছের হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া বাসের বেশ কয়েকজন যাত্রীও কমবেশি আহত হয়েছেন।”
শিবচর হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহ হেল বাকী জানান, বাসটি ও ক্ষতিগ্রস্ত বাইকগুলো পুলিশের হেফাজতে আছে।
