২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনার পর বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2024, 02:01 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

গাজীপুরে কালীগঞ্জ উপজেলায় অটোরিকশা ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী।

বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মারুফ আহমেদ জানান।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পরিদর্শক মারুফ বলেন, “চলনবিল পরিবহনের একটি বাস টঙ্গীর দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলে নিহত ও অপর দুইজন আহত হন। পরে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।”

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শহিদুল ইসলাম বলেন, “দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে  একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।”

এছাড়া আহত এক নারীকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পরিদর্শক মারুফ বলেন, দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।