১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে সম্পত্তি নিয়ে বিরোধে শ্যালকের হাসুয়ার কোপে যুবক নিহত

জমি মাপজোকের সময় রুহুল আমিন ও আমিনুল ইসলাম মিল্টনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

রাজশাহীতে সম্পত্তি নিয়ে বিরোধে শ্যালকের হাসুয়ার কোপে যুবক নিহত
রাজশাহীর শাহমখদুম থানা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2025, 05:04 PM

Updated : 26 Aug 2026, 12:19 PM

রাজশাহী নগরীতে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধে শ্যালকের হাসুয়ার কোপে এক যুবক প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া কালুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন। 

নিহত রুহুল আমিন (৪০) একই এলাকার নজরুল ইসলামের ছেলে। এই ঘটনার পর থেকে পলাতক তার শ্যালক আমিনুল ইসলাম মিল্টন (৪৫)। 

স্থানীয়দের বরাতে ওসি মাসুমা মোস্তারিন বলেন, জমি মাপজোকের সময় রুহুল আমিন ও আমিনুল ইসলাম মিল্টনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে রুপ নেয়। এক পর্যায়ে মিল্টন হাসুয়া দিয়ে দুলাভাই রুহুল আমিনের গলা ও হাতে আঘাত করেন।

এতে রুহুল আমিন গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কে বিশ্বাস বলেন, “বেলা সোয়া ১১টার দিকে রুহুল আমিনকে হাসপাতালে আনা হয়। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার গলায় ও হাতে গুরুতর জখম ছিল।”

পরে আইনি প্রক্রিয়ার জন্য তার লাশ মর্গে পাঠানো হয় বলে জানান এ চিকিৎসক। 

নগরের শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে শ্যালক পলাতক। 

এ ঘটনায় নিহত রুহুল আমিনের বাবা মামলা করবেন; তার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।