Published : 29 Jun 2026, 04:14 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অবৈধভাবে সিট দখলের অভিযোগ তুলেছে ইসলামি ছাত্রশিবির।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত এক মানববন্ধন থেকে এ অভিযোগ তুলে সিট বরাদ্দে স্বচ্ছতা নিশ্চিত করতে তিন দফা দাবি জানায় সংগঠনটি।
দাবিগুলো হল- সকল হলে অবৈধভাবে দখল করা সিট বাতিল করে শূন্য সিটের তালিকা প্রকাশ এবং স্বচ্ছ প্রক্রিয়ায় সিট বরাদ্দ ও ওয়েটিং লিস্ট প্রকাশ; সিট ব্যবস্থাপনার জন্য একটি কেন্দ্রীয় ওয়েবসাইট চালু; এবং বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের ৫০ শতাংশ শিক্ষার্থীদের কল্যাণে ব্যয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজিব বলেন, “শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি করুন, তবে ছাত্রলীগের মত সিট দখল, সিট বাণিজ্য বা টেন্ডারবাজির রাজনীতি ক্যাম্পাসে ফিরিয়ে আনার চেষ্টা করবেন না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত শান্তিপূর্ণ ক্যাম্পাস পরিবেশ কোনো সংগঠনের কারণেই নষ্ট হতে দেওয়া হবে না।”
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, “চব্বিশ-পরবর্তী সময়ে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করার মাধ্যমে যে সিট বাণিজ্য ও গেস্টরুম সংস্কৃতির অবসান হয়েছিল, সরকারদলীয় ছাত্রদল আবারও তা শুরু করেছে। শুধু ছাত্রদলের পরিচয়ে ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থী এবং প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের হলে থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।”
তিনি বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই, আবারও যদি হল দখলের এমন চেষ্টা করা হয়, তাহলে চব্বিশে যেভাবে প্রশাসনসহ সবাইকে লাঞ্ছিত করে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেটির জন্যও প্রস্তুত থাকতে হবে।”
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ আনা হচ্ছে। এগুলোর কোনো সত্যতা নেই। বরং শিবিরের, রাকসুর এবং হল সংসদের কারা অবৈধভাবে হলে থাকছে আমরা শিগগিরই সেসব তথ্য তুলে ধরব।”