২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বেনাপোল ইমিগ্রেশনে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

তিনি মেডিকেল ভিসায় ভারত যাচ্ছিলেন, বলছে ইমিগ্রেশন পুলিশ।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2025, 01:49 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে সাত মামলার পলাতক আসামি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস ছামাদ আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকাল ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইলিয়াছ হোসাইন মুন্সি জানান।

গ্রেপ্তার ৩১ বছর বয়সী আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজার সদর থানার ৪ নম্বর ওয়ার্ডের মোস্তফাপুর গ্রামের মো. আকিব আলীর ছেলে। 

ওসি ইলিয়াছ হোসাইন মুন্সি বলেন, আজাদ মেডিকেল ভিসায় ভারত যাচ্ছিলেন। বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেওয়ার পর ডাটাবেজ যাচাইয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার বিষয়টি ধরা পড়ে।

পরে মৌলভীবাজার সদর থানার ওসিকে জানানো হলে তিনি আজাদের বিরুদ্ধে সাতটি মামলা থাকার বিষয়টি নিশ্চিত করেন এবং তাকে পুলিশ গ্রেপ্তারের জন্য খুঁজছে বলে জানান।

পরে আজাদকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয় বলে জানান ইমিগ্রেশনের ওসি ইলিয়াছ।

বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, সাত মামলার আসামি আব্দুস সামাদ আজাদকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মৌলভীবাজার থানায় তার নামে মামলা থাকায় তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।