বাগেরহাটে ভোটের আগের দিন দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সোমবার এ আদেশ জারি করেন নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমান।
দ্বিতীয় ধাপে বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের আগের দিন দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সোমবার এ আদেশ জারি করেন নির্বাচন কমিশনের উপসচিব মো. মিজানুর রহমান।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বলেন, নির্বাচন কমিশনের পাঠানো চিঠি বাগেরহাটের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ নির্বাচন সংশ্লিষ্টদের হাতে পৌঁছেছে।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন- বাগেরহাটের ফকিরহাট মডেল থানার ওসি আশরাফুল আলম এবং জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি স্বপন রায়।
ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ করে রোববার প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন করেন ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ ওয়াহিদুজ্জামান (বাবু)।
ওয়াহিদুজ্জামান ফকিরহাট উপজেলা যুবলীগের সদ্য স্থগিত হওয়া কমিটির আহ্বায়ক। এই উপজেলায় তার প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান স্বপন কুমার দাশ।
নির্বাচন কমিশনের দেওয়া ওই আদেশে বলা হয়, “উপর্যুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বাগেরহাট জেলার ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম ও বাগেরহাট জেলা ডিবির ওসি স্বপন রায়কে ডিআইজি, খুলনা রেঞ্জ, খুলনায় নির্বাচনের সময় পর্যন্ত সংযুক্ত করে উক্ত কর্মকর্তাদের পরবর্তী কোনো কর্মকর্তাকে ফকিরহাট মডেল থানার ওসি ও ডিবির ওসির দায়িত্ব প্রদানের জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।”
খুলনা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শককের কাছে পাঠানো ওই দাপ্তরিক চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্যও বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব, মহাপুলিশ পরিদর্শক ছাড়াও নির্বাচন কমিশনের ওই চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বাগেরহাটের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কর্মকর্তাকেও।
অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান সাংবাদিকদের বলেন, “নির্বাচন কমিশনের আদেশের চিঠি পেয়ে ওই দুই কর্মকর্তাকে ইতিমধ্যে প্রত্যাহার করে খুলনা রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।”
