বরিশালে ইউপি সদস্যের পানবরজ পুড়িয়ে দেওয়ার অভিযোগ
ইউপি সদস্য বলছেন, এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বরিশালের গৌরনদীতে এক ইউপি সদস্যের পানের বরজ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
মঙ্গলবার ভোররাতে উপজেলার শৌলকর গ্রামে এ ঘটনা ঘটে বলে ওসি মো. ইউনুস মিয়া জানিয়েছেন।
ভুক্তভোগী আব্দুল মান্নান হাওলাদার উপজেলার বাটারজোর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।
আব্দুল মান্নান বলেন, জমির মালিক তারা। তারপরেও জমির মালিকানা দাবি করে প্রতিপক্ষ মোহাম্মদ হোসেন, জব্বার তালুকদার ও রবিউল তালুকদার আদালতে মামলা করেছেন। আদালত মালিকানা নির্ধারণ করা না পর্যন্ত জমির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই জমির পানের বরজ পুড়িয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রতিপক্ষরা তার ৭৬ শতাংশ জমির পানের বরজ পুড়িয়ে দিয়েছে। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।
ওসি ইউনুস মিয়া বলেন, “জমি মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ও আদালতে মামলা চলছে। রাতে ইউপি সদস্যর পানের বরজ পুড়িয়ে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইউপি সদস্য অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
