২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ধান ব্যবসায়ী ও কৃষকদের ৩৫ কোটি টাকা ‘আত্মসাত’

“ওসমান নিজেকে দেউলিয়া ঘোষণা করছেন; অথচ তার কোটি কোটি টাকার সম্পদ রয়েছে।“

নওগাঁয় ধান ব্যবসায়ী ও কৃষকদের ৩৫ কোটি টাকা ‘আত্মসাত’
ওসমান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ওসমাণ গণির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2024, 04:37 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ব্যবসায়ী ও আড়তদারদের কাছ থেকে বাকিতে ধান কিনে প্রায় ৩৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক চালকল মালিকের বিরুদ্ধে।

পাওনা টাকা উদ্ধার এবং ওই ব্যবসায়ীর শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

উপজেলার মডেল স্কুল মোড়ে রোববার দুপুরে ‘ভুক্তভোগী সকল পাওনাদার গং’-এর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন দুই শতাধিক ব্যবসায়ী ও কৃষক। এ ঘটনায় প্রশাসনের সহায়তা চেয়েছেন তারা।

অভিযোগের মুখে থাকা ওই ব্যবসায়ী নাম- ওসমান গণি। তিনি মহাদেবপুরে ওসমান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান।

পাওনা টাকা উদ্ধার এবং ওই ব্যবসায়ীর শাস্তির দাবিতে রোববার মানববন্ধন করেন ভুক্তভোগীরা।

পাওনা টাকা উদ্ধার এবং ওই ব্যবসায়ীর শাস্তির দাবিতে রোববার মানববন্ধন করেন ভুক্তভোগীরা।

টাকা বকেয়া রাখার বিষয়টি স্বীকার করেছেন তিনি। এরই মধ্যে আদালতে দেউলিয়া হওয়ার আবেদন করেছেন। ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে সবার পাওনা পরিশোধ করে দেবেন বলে আশ্বাসও দিয়েছেন। 

মানববন্ধনে আড়তদার আবু আহসান হাবিবের সভাপতিত্বে আড়ৎদার সামিউল আলম, ইমতিয়াজ হোসেন সরদার, নুননবী ইসলাম ও মাসুদ মোল্লাসহ ১০-১২ জন ব্যবসায়ী বক্তব্য রাখেন।

স্থানীয়রা জানান, মহাদেবপুর উপজেলার নওগাঁ-মহাদেবপুর সড়কের আখেড়া এলাকায় ওসমান গণি গত প্রায় ৪০ বছর আগে চালকল গড়ে তুলে ব্যবসা শুরু করেন। পর্যায়ক্রমে চাল কলটি অটোমেটিকে রুপান্তর করে ওসমান এগ্রো ইন্ডাষ্ট্রিজ (প্রা.) লিমিটেড নাম দেন। যেখানে কয়েক একর জায়গার ওপর পাঁচটি ইউনিট গড়ে তুলেন।

তারা জানান, ধানের আড়তদারদের কাছ থেকে নগদ ও বাকিতে ধান কিনে চালকল পরিচালনা করা হতো। এতে ব্যবসার সুবাদে ওসমানের সঙ্গে আড়তদারদের সখ্যতা গড়ে ওঠে। এভাবে জেলা ও জেলার বাইরের প্রায় ২৬০ জন ধান ব্যবসায়ীদের কাছ থেকে নগদ ও বাকিতে ধান কিনতেন তিনি। এক পর্যায়ে প্রায় ৩৫ কোটি টাকা ধান ব্যবসায়ীদের কাছে বকেয়া রাখেন।

ব্যবসায়ীদের অভিযোগ, গত তিন থেকে চার মাস ধরে ধান ব্যবসায়ীদের সঙ্গে ওসমানের দূরত্ব বাড়তে থাকে এবং টাকা আত্মসাতের চেষ্টা করেন। তিনি পরিবারসহ ঢাকায় অবস্থান করতে শুরু করেন এবং গোপনে তার প্রতিষ্ঠানটি একটি কোম্পানির কাছে ভাড়া দিয়ে দেন।

ওসমান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ গত দেড়মাস ধরে অন্য একটি কোম্পানির দ্বারা পরিচালিত হচ্ছে।

ওসমান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ গত দেড়মাস ধরে অন্য একটি কোম্পানির দ্বারা পরিচালিত হচ্ছে।

গত দেড়মাস থেকে ওই প্রতিষ্ঠানটি অন্য একটি কোম্পানির দ্বারা পরিচালিত হচ্ছে। কৌশল হিসেবে ওসমান গণি ব্যবসায় লোকসান দেখিয়ে নিজেকে দেউলিয়া ঘোষণা করার পরিকল্পনা নিয়ে আদালতে আবেদন করেছেন।

উপজেলার মাতাজি হাট এলাকার মোল্লা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী সামিউল আলম বলেন, “গত কয়েক বছর থেকে ওসমান গণিকে ধান দিয়ে আসছি; নগদ ও বাকিতে ধান দিতাম। এভাবে প্রায় ১ কোটি ৩৯ লাখ টাকা পাওনা রয়েছি। পাওনা টাকা চাওয়া হলে বিভিন্নভাবে তালবাহানা শুরু করেছে।

“ঢাকায় বাড়ি-গাড়ি করে স্ত্রী-সন্তানদের নিয়ে আলিসান জীবন-যাপন করছেন। ওসমান নিজেকে দেউলিয়া ঘোষণা করছেন; অথচ তার কোটি কোটি টাকার সম্পদ রয়েছে।“

তার মতো আরও ২৬০ জন ব্যবসায়ী প্রায় ৩৫ কোটি টাকা ওসমানের কাছে পাওনা রয়েছে জানিয়ে সামিউল বলেন, “আমরা এখন পথে পথে ঘুরছি। পাওনা টাকা না পেয়ে অনেকে পোশাক কারখানায় চাকরি নিয়েছে। অনেকে রিকশা ও ভ্যান চালিয়ে সংসার চালাচ্ছেন।”

ধামইরহাট উপজেলার মেসার্স বেলাল ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী আবু আহসান হাবিব আর বেলাল ইসলাম দুই ভাই যৌথভাবে ধানের ব্যবসা করেন। তারা ওসমান গণির সঙ্গে প্রায় ১৫ বছর ধরে থেকে ব্যবসা করছেন। সবশেষ তিন-চারমাস আগে ওসমানের সঙ্গে তাদের আর লেনদেন হয়নি।

ওসমান সপ্তাহে ৫০ হাজার করে টাকা দিতো জানিয়ে আহসান হাবিব বলছিলেন, “সবশেষ ফেরুয়ারিতে ১ লাখ টাকা দিয়েছে। লেনদেনের সুবাদে প্রায় ২ কোটি ৮৫ লাখ টাকা বকেয়া পড়ে যায়। পাওনা টাকা দিচ্ছি, দিবো বলে সময়ক্ষেপণ করছিল। এখন লাপাত্তা হয়ে গেছে।”

তিনি বলেন, “আমরা ছোট ব্যবসায়ী। পুঁজি হারিয়ে এখন পথে বসার উপক্রম হয়েছে। পাওনাদার বা কৃষকের কাছ থেকে ধান নিয়েছিলাম তারা এখন টাকা নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। পাওনাদারদের ভয়ে এখন বাড়ি থেকে পালিয়ে বেড়াতে হচ্ছে।

ইতোমধ্যে দেনার দায়ে স্ট্রোক ও বিভিন্ন রোগে অসুস্থ হয়ে ১৮ জন মৃত্যুবরণ করেছেন।”

দিনাজপুর জেলার ডুগডুগিহাট এলাকার মোল্লা ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী মাসুদ মোল্লা বলেন, “পাঁচ বছর ধরে ওসমানের চালকলে ধান দিয়ে আসছি। তবে গত তিন বছর থেকে ধান দেওয়ার পর টাকা বকেয়া রাখা হচ্ছে। এভাবে প্রায় আমার ৭৮ লাখ টাকা বকেয়া রাখে। বকেয়া টাকা পরিশোধ করতে অনেকবার তাগাদা দিয়েছি। কিন্তু টাকা না দিয়ে এখন লাপাত্তা।

“ফোন করা হলে কোন ওসমান ফোন ধরে না। কিন্তু আমার কাছ থেকে অনেক কৃষক টাকা পাওনা রয়েছে। তারা এখন চাপ দিচ্ছে।”

নুননবী ইসলাম নামের এক ভুক্তভোগী বলেন, “ওসমান এগ্রো লিমিটেডের মালিক ওসমান ব্যবসায়ী ও কৃষকের টাকা আত্মসাতের জন্য তার সম্পদ স্ত্রী, সন্তানদের দিয়ে নিজেকে কৌশলে দেউলিয়া ঘোষণা দিয়েছেন। এ অবস্থায় তার সব সম্পদ বাজেয়াপ্ত করে পাওনাদারদের পাওনা টাকা পরিশোধের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানাই সরকারের প্রতি।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসমান এগ্রো ইন্ডাষ্ট্রিজ (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান ওসমান গণি বলেন, “প্রায় ৩৮ বছর ধরে ব্যবসা করছি। ব্যবসার সুবাদে অনেক টাকা লোকসান হয়েছে। এছাড়া ব্যবসায়ীদের কাছেও আমার দেনা রয়েছে।

“আমার কাছে এখন নগদ টাকা নাই। পাওনাদারদের বলেছি, যে সম্পদ আছে তা বিক্রি করে দেনা পরিশোধ করা হবে।”

তিনি বলেন, “আমি গত ৩১ জানুয়ারি নিজেকে দেউলিয়া ঘোষণা করার জন্য আদালতে একটি আবেদন করেছি। তবে আমি আমার প্রতিষ্ঠানটি ভাড়া দিয়েছি।”

নওগাঁর জেলা প্রশসক গেলাম মওলা বলেন, “এ বিষয়ে আমি যতদূর জানি, ওসামান এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ওসমান গণি নিজেকে দেউলিয়া ঘোষণা করার জন্য আদালতে আবেদন করেছেন।

“এ অবস্থায় আমি পাওনাদারদের বলব, তারা য্নে আদালনের শরণাপন্ন হন।”

মহাদেবপুর থানার ওসি রুহুল আমিন বলছিলেন, “রোববার এ নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। তবে আমার কাছে কেউ কোনো লিখিত বা মৌখিব অভিযোগ করে নাই।”