আসামি ছিনিয়ে টোক ইউনিয়নের চেয়ারম্যান গ্রেপ্তার
ইজারা না নিয়েই হাট বসিয়েছিলেন গ্রেপ্তার হওয়া এমএ জলিল।
গাজীপুরের কাপাসিয়াতে ভ্রাম্যমাণ আদালত ও সরকারি কাজে বাধা এবং পুলিশ সদস্যকে পিটিয়ে দণ্ড পাওয়া আসামি ছিনিয়ে নেওয়ার মামলার আসামি টোক ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিলসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া চেয়ারম্যান এমএ জলিল উপজেলার উজলী দিঘিরপাড় গ্রামের বাসিন্দা। অপরজন হলেন একই গ্রামের ফাইজ উদ্দিন।
এমএ জলিল কাপাসিয়ার টোক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ জানায়, বুধবার বিকেলে কাপাসিয়ার উজলী দিঘিরপাড় বাজারে ইজারা না নিয়ে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাশে গরুর হাট বসানোর ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম মো: লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি হাট সরিয়ে নিতে বলেন এবং ইউপি চেয়ারম্যানের ভাই আব্দুল জব্বারের ছেলে ও বাজার ইজারাদার আমান উল্লাহকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক মাসের কারাদণ্ড দেন। পুলিশ তাকে হেফাজতে নিয়ে ঘটনাস্থল থেকে চলে আসতে চাইলে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে স্থানীয়রা পুলিশের কাছ থেকে আমান উল্লাহকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশকে মারধর করা হয়।
পরে বুধবার রাতে কাপাসিয়া থানা পুলিশের টোক তদন্ত কেন্দ্রের এএসআই লুৎফুল রহমান ইউপি চেয়ারম্যানসহ ২৩ জনের নামে মামলা করেন। সেই মামলাতেই গ্রেপ্তার জন দুই জন।
কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনার বর্ণনা দিয়ে দুই জনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
