২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যানজটে ঢাকা শহরে দৈনিক ক্ষতি ১৪০ কোটি টাকা: আইজিপি

গাজীপুর মহানগর পুলিশ আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2026, 09:10 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

শুধু যানজটের কারণে রাজধানীতে প্রতিদিন ১৪০ কোটি টাকার ক্ষতি হয় বলে বলেছেন আইজিপি মো. আলী হোসেন ফকির।

তিনি বলেছেন, “এই হিসাবে বছরে ৫০ হাজার কোটি টাকার ক্ষতি হয় সরকারের। গাজীপুর ও চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ‘লাইফলাইন’। সেটাকে যদি আমরা ঠিক রাখতে না পারি তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়ন বলেন, জীবনযাত্রার মান বলেন, শান্তি বলেন, সমৃদ্ধি বলেন, ন্যায়বিচার বলেন, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বলেন, তার কোনো কিছুই বাস্তবায়ন করতে পারব না।”

শনিবার বিকালে গাজীপুর মহানগর পুলিশ আয়োজিত জেলা পুলিশ লাইনসে এক সুধী সমাবেশে আইজিপি এসব কথা বলেন। 

এ সময় শ্রমিক আন্দোলন প্রসঙ্গে পুলিশপ্রধান বলেন, “কিছু হলেই শ্রমিকদের একটি অংশ রাস্তা অবরোধ করে। ফলে যানজট সমস্যা তৈরি হয় এবং অর্থনৈতিকভাবে ক্ষতি হয়। আমাদের ৯৯ শতাংশ শ্রমিক নিরীহ। তারা মাস শেষে বেতন পেলেই খুশি থাকে। কিন্তু এক ভাগ লোক দেশি-বিদেশি বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে তৎপর থাকে। তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

অনুষ্ঠানে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি বলেন, “নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের এক মাসও হয়নি। এরই মধ্যে সমাজের মূল সমস্যা যেমন- মাদক, ছিনতাই, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে। আমিও আমাদের গাজীপুরে এসবের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছি। 

“পুলিশ কমিশনারকে বলেছি, এসব কাজে যদি আমার দলের কোনো নেতাকর্মী জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এজন্য আমিও সহযোগিতা করব।”

সমাবেশে আরও বক্তব্য দেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার। 

উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত গাজীপুর জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহম্মেদ হোসেন ভূঁইয়া, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. তাহেরুল হক চৌহান, জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, মহানগর বিএনপি নেতা আফজাল হোসেন কায়সার, আহমেদ আলী রুশদি, মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক জামাল উদ্দীন, টঙ্গীর পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক অধ্যাপক বশির আহমেদ।