ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ধাওয়ায় মাইক্রোবাস পুকুরে, ভেসে উঠল ৯ বস্তা গাঁজা
পুলিশ ধাওয়া খেয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশে পুকুরে নামিয়ে দেন।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে একটি মাইক্রোবাস পুকুরে পড়ে যায়। পরে মাইক্রোবাসটি তুলে নয় বস্তা গাঁজা উদ্ধার করা হয়। তবে সাঁতরে পালিয়ে যান পাচারকারীরা।
শুক্রবার সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ।
পুলিশ জানায়, গোপন খবর পেয়ে সকালে সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি মাইক্রোবাসকে থামানোর সংকেত দেওয়া হলে চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন।
পুলিশ মাইক্রোবাসটিকে ধাওয়া করলে খিদিরপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারান। এতে মাইক্রোবাসটি সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা গাঁজার বস্তা পানিতে ভেসে ওঠে।
পরে ক্রেন দিয়ে মাইক্রোবাসটি পুকুর থেকে তুলে নয়টি বস্তা গাঁজার বস্তা পাওয়া যায়। তবে বস্তাগুলোতে কত কেজি গাঁজা ছিল, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, মাইক্রোবাসে থাকা গাঁজা পাচারের সঙ্গে জড়িতরা সাঁতরে পুকুর থেকে উঠে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
