১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বেশি দামে পেট্রোল বিক্রি ও অবৈধ মজুদ: ২ ব্যবসায়ীকে জরিমানা

অভিযানের সময় অবৈধভাবে মজুদ রাখা ৪০০ লিটার পেট্রোলও জব্দ করা হয়।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 11:52 AM

Updated : 26 Aug 2026, 03:16 PM

পিরোজপুরের নাজিরপুরে বাড়তি দামে পেট্রোল বিক্রি এবং অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের সময় অবৈধভাবে মজুদ রাখা ৪০০ লিটার পেট্রোলও জব্দ করা হয়।

নাজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী রোববার সন্ধ্যায় চাঁদকাঠী বাজার ও গাওখালী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

শপথ বৈরাগী বলেন, “চাঁদকাঠী বাজারের ‘সারদা ফার্মেসিতে’ অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করার দায়ে হাসান বাহাদুর নামের এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

“এছাড়া গাওখালী বাজারের ‘মেসার্স শিহাব স্টোরের’ মালিক জিয়াউল হাসান সোহাগকে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া পেট্রোল মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রি করার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয়েছে প্রায় ৪০০ লিটার পেট্রোল।”

জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণ ও অনিয়ম রোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এসি ল্যান্ড।