১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গুপ্তধন ভেবে!

ওসি বলেন, “উদ্ধার হওয়া গ্রেনেডটি আকারে ছোট হওয়ায় হাতের মুষ্টিতে রাখা সম্ভব।”

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2024, 07:48 PM

Updated : 26 Aug 2026, 11:02 AM

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক কৃষকের বাড়ি থেকে একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার উপজেলার বাউরা ইউনিয়নের কৃষক লেবু মিয়ার (২৫) কাছ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয় বলে পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার জানান। 

পুলিশ জানায়, প্রায় এক মাস আগে লেবু মিয়া নবীনগর এলাকায় সানিয়াজান নদী থেকে মাটি কাটতে গিয়ে গ্রেনেডটি পান। প্রথমে এটিকে ‘গুপ্তধন’ ভেবে গোপনে বাড়িতে এনে রাখেন। এবং বিভিন্নভাবে এটি আঘাত করে ভাঙার চেষ্টা করেন। 

অবশেষে রোববার রাতে বুঝতে পারেন এটি গুপ্তধন নয়। পুরাতন কোনো গ্রেনেড হবে। তখন লেবু মিয়া বিষয়টি বিজিবি নবীনগর ক্যাম্পে অবগত করেন। বিজিবির ক্যাম্প কমান্ডার হাবিলদার মজিবুর রহমান বিষয়টি পাটগ্রাম থানা পুলিশকে অবগত করেন। 

ওসি বলেন, “উদ্ধার হওয়া গ্রেনেডটি আকারে ছোট হওয়ায় হাতের মুষ্টিতে রাখা সম্ভব। এটি নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বিস্ফোরক ইউনিটকে খবর দেওয়া হয়েছে।”