খুলনায় ‘বিলের ঘাস-পানি খেয়ে’ মারা যাচ্ছে গরু, আতঙ্ক
এ অবস্থায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন এলাকায় বিলের ঘাস ও পানি খেয়ে অন্তত ১৩টি গরু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় লোকজন ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে জানা গেছে, দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের ধোপাদী গ্রামের মাঝবিল পাড়ায় সুনীল মণ্ডলের পাঁচটি, পরিমল মিস্ত্রীর চারটিসহ মোট ১৩টি গরু মারা গেছে।
এর মধ্যে পাঁচটি বড় গরু ও বাকিগুলো বাছুর।
সুনীল মণ্ডল ও পরিমল মিস্ত্রি জানিয়েছেন, মঙ্গলবার সকালে বিলের ঘাস ও পানি খেয়ে গরুগুলো গোয়ালে ফিরে আসে। এরপর সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে সেগুলো মারা যায়।
এ ছাড়া কৈলাশগঞ্জ ইউনিয়নের লাউডোব, বাজুয়া ও বাণীশান্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গরু অসুস্থ হয়ে মারা যাওয়ার কথা স্থানীয়রা জানালেও এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
এসব ঘটনায় এলাকায় গরু লালন-পালনকারীদের মধ্যে উদ্বেগ কাজ করছে।
এ অবস্থায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খাদ্যে বিষক্রিয়ার কারণে এমনটি ঘটতে পারে বলে ধারণা করছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা।
গরুর মালিকদের আপাতত বিলে বা তরমুজ ক্ষেতে গরু ছেড়ে না দিয়ে বাড়িতে রেখে খাদ্য খাওয়ানোর পরামর্শ দিয়েছে প্রাণিসম্পদ বিভাগ। পাশাপাশি জনসচেতনতার জন্য এলাকায় মাইকিং করা হচ্ছে।
দাকোপ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বঙ্কিম কুমার হালদার বলেন, “ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ব্যাপক বৃষ্টিতে উপজেলার বিলগুলোতে পানি জমেছে। বৃষ্টির দিনে কচি ঘাসে নাইট্রোজেনের মাত্রা অত্যধিক থাকে। বিলের কাঁচা ঘাসের নাইট্রেট বিষক্রিয়ায় গরুগুলো মারা যেতে পারে।”
ওইসব এলাকায় তরমুজ চাষে ব্যাপক কীটনাশক ব্যবহার হয় দাবি করে বঙ্কিম কুমার হালদার আরও বলেন, “তরমুজ ক্ষেতে কীটনাশক ব্যবহারের পরোক্ষ প্রভাবও গরুগুলো মারা যাওয়ার পেছনের কারণ হতে পারে।”
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, “তরমুজ ক্ষেতে ব্যবহৃত কীটনাশক বৃষ্টির পানিতে বিলের ঘাসে গিয়ে মেশার পরোক্ষ প্রভাবও গরুগুলো মারা যাওয়ার জন্য দায়ী হতে পারে। আক্রান্ত এলাকা থেকে ঘাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার রেজাল্টের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।”
