নেত্রকোণায় ঢলের পানিতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
শনিবার সকালে উপজেলার বামনী গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পাহাড়ি ঢলের পানির স্রোতে পড়ে নিখোঁজ হয় বৃষ্টি।
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নিখোঁজের একদিন পর সাত বছর বয়সি এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সোয়া ২টার দিকে উপজেলার উব্দাখালী নদীর চরপাড়া এলাকায় লাশটি পাওয়া যায় বলে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন জানান।
নিহত বৃষ্টি ঋষি উপজেলার সদর ইউনিয়নের বগাজান গ্রামের কৃপেন্দ্র ঋষির মেয়ে। বৃষ্টি আগবকাজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক জালাল বলেন, শনিবার সকালে উপজেলার বামনী গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পাহাড়ি ঢলের পানির স্রোতে পড়ে নিখোঁজ হয় বৃষ্টি। পরে বিকাল ৩টা থেকে তাকে উদ্ধার অভিযানে নামেন কিশোরগঞ্জের ভৈরব থেকে আসা একটি ডুবুরি দল। সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালিয়েও বৃষ্টির সন্ধ্যান পাননি ডুবুরি দলের সদস্যরা। পরে স্থানীয়রা নদীর চরপাড়া এলাকায় শিশুটি লাশ পান। স্বজনরা গিয়ে লাশটি বৃষ্টির বলে শনাক্ত করেন।
আইনি প্রক্রিয়া শেষে বৃষ্টির লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পরিদর্শক জালাল উদ্দিন।
