অবৈধপথে ভারত গিয়ে সাজা খেটে ফিরলেন নারী-শিশুসহ ৯ জন
ভালো কাজের আশায় তিন বছর আগে দালালের খপ্পরে পড়ে তারা বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যান।
ভালো কাজের আশায় অবৈধপথে ভারতে গিয়ে বিভিন্ন মেয়াদে সাজা খেটে দেশে ফিরেছেন নারী-শিশুসহ নয়জন।
শনিবার সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে হস্তান্তর করে বলে জানিয়েছেন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান।
ফেরত আসাদের মধ্যে তিনজন নারী, চারজন পুরুষ ও দুই শিশু রয়েছে।
ফেরত আসাদের বরাতে ওসি সাইফুর রহমান বলেন, ভালো কাজের আশায় তিন বছর আগে দালালের খপ্পরে পড়ে তারা অবৈধভাবে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যান। সেখানে বিভিন্ন বাসাবাড়ি এবং ক্ষেত খামারে কাজ করার সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা।
পরে তাদেরকে আদালতের মাধ্যমে দমদম সেন্ট্রাল কারাগারে পাঠায়। সেখানে সাজাভোগ শেষে বেসরকারি একটি মানবাধিকার সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে। এরপর ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে সন্ধ্যায় তারা দেশে ফেরেন।
ওসি বলেন, তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংগঠন তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য গ্রহণ করেছে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ওয়ার্ককার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসাদের শেল্টার হোমে রাখার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
