নোয়াখালীতে নিম্নাঞ্চল প্লাবিত, আশ্রয়কেন্দ্রে যাচ্ছে মানুষ
হাতিয়া, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলাকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে ৩ লাখ লোকের ধারণ ক্ষমতাসম্পন্ন ৪০১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নোয়াখালীতে নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। এরই মধ্যে দ্বীপ উপজেলা হাতিয়ার চারটি গ্রাম প্লাবিত হয়েছে। অসহায় মানুষেরা আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছেন।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, সোমবার বেলা ১টা থেকে নিম্নাঞ্চলের মানুষেরা আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করে। তাদের মধ্যে প্রতিবন্ধী ও বৃদ্ধদের আগে তোলা হচ্ছে।
সিত্রাংয়ের প্রভাবে সোমবার ভোর থেকে দমকা হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি শুরু হয়। দুর্যোগ মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সকাল ১০টার দিকে জরুরি সভা করে। আর রেডক্রিসেন্ট ও সিপিপির প্রশিক্ষিত ভলেন্টিয়ার ইতোমধ্যে উপকূল অঞ্চলে মাইকিং করছে।
হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান দিনাজ উদ্দিন জানান, তার ইউনিয়নের বান্ধাখালী, মোল্লা গ্রাম, মুন্সি গ্রাম ও মদিনা গ্রাম প্লাবিত হয়েছে। এতে ভোগান্তির মধ্যে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন জানান, এ উপজেলায় ২৪২টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং ৩ হাজার ৫৪০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর উপকূলীয় তিন উপজেলা হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জের অন্তত দশ গ্রাম প্লাবিত হয়েছে।
হাতিয়া, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলাকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে তিন লাখ লোকের ধারণ ক্ষমতাসম্পন্ন ৪০১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া ১০১টি মেডিকেল টিম, ২৫০ মেট্রিকচন চাল, নগদ ৫৬ লাখ টাকা ও ৭০০ বিস্কুটের কার্টন মজুত রাখা হয়েছে বলে জানান তিনি ।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জানিয়ে নোয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বৃষ্টিপাত বাড়তে পারে ৮৯ মিলিমিটার পর্যন্ত। এছাড়া অতিরিক্ত জোয়ারের পানিতে ৭-৮ ফিট পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভবনা রয়েছে।
