Published : 27 Jul 2026, 07:59 PM
নওগাঁর ধামইরহাট উপজেলায় চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান।
নিহত মুনিরা খাতুন (২৬) ধামইরহাট উপজেলার অমরপুর গ্রামের মাসুদ হোসেনের মেয়ে। এ ঘটনায় তার স্বামী ফরহাদ হোসেনকে আটক করেছে পুলিশ। ফরহাদ জয়পুরহাট জেলার আটুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মুনিরা তার বোন মহসিনার সঙ্গে চিকিৎসার জন্য ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এর আগে রোববার ভোরে ঢাকা থেকে বাড়িতে আসেন ফরহাদ।
পুলিশের ভাষ্য, দীর্ঘদিন ধরে ফরহাদ ও মুনিরার মধ্যে দাম্পত্য কলহ চলছিল। মুনিরা হাসপাতালে আছেন জানতে পেরে ফরহাদ সেখানে যান। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে ফরহাদ ছুরি দিয়ে মুনিরার বুকে ও পেটে আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পালিয়ে যাওয়ার সময় স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা আনসার সদস্যরা ফরহাদকে আটক করে পুলিশে দেন।
গুরুতর আহত মুনিরাকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি মিন্টু রহমান বলেন, “ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা মাসুদ হোসেন থানায় হত্যা মামলা করেছেন।”