২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বাসা থেকে নারীর লাশ উদ্ধার, স্বামীকে খুঁজছে পুলিশ

“ঊর্মির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।”

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 10:46 AM

Updated : 26 Aug 2026, 01:33 PM

কুষ্টিয়া শহরে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ; যাকে তার স্বামী হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

শহরের হাউজিং এলাকার একটি ভাড়া বাসা থেকে শনিবার রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানিয়েছেন।

নিহত ৩৫ বছর বয়সী ঊর্মি খাতুন কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর গ্রামের মহিম মণ্ডলের মেয়ে এবং মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার রানা খানের স্ত্রী।

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

ঊর্মির ভাই আবু সাইদ বলেন, তার বোন পাঁচ বছর আগে রানাকে দ্বিতীয় বিয়ে করেন। হাউজিং এফ-ব্লকের একটি বাসায় দুই সন্তানসহ ভাড়া থেকে সিটি কলেজের সামনে কাপড় ও খাবারের দোকান চালাতেন তারা।

তিনি বলেন, “বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ ছিল। পারিবারিক কলহের জেরে মারধর ও শ্বাসরোধ করে আমার বোনকে হত্যা করা হয়েছে। ঊর্মির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর থেকে রানা পলাতক রয়েছে।”

ওসি মোশাররফ হোসেন বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ঊর্মিকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার স্বামীকে আটকের চেষ্টা চলছে।”