২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্যবোঝাই গাড়িতে চাঁদাবাজি, হাতেনাতে ধরা ৫

পাঁচটি চাঁদা আদায়ের রশিদ বই ও চাঁদার ২ হাজার ৩৪০ টাকা জব্দ করেছে র‌্যাব।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2024, 01:05 PM

Updated : 26 Aug 2026, 09:46 AM

দিনাজপুরে পৃথক অভিযান চালিয়ে চাঁদাবাজির সময় পাঁচজনকে হাতেনাতে আটক করেছে র‌্যাব।জব্দ করা হয়েছে চাঁদাবাজির টাকা।

র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প কর্মকর্তা স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে শহরের কাঞ্চন সেতু এলাকার দিনাজপুর-বোচাগঞ্জ মহাসড়ক থেকে তিনজনকে আটক করেন তারা।

একইদিন বিকালে খানসামা উপজেলায় জিয়া সেতুর পশ্চিম পাশ থেকে আটক হয় আরও দুজন।

আটকরা হলেন- মমিনুল ইসলাম (৫৫), আব্বাস আলী (৪২) সাইফুল ইসলাম (৫০), আমিনুল ইসলাম (৩০) ও  বিপ্লব (২০)।

স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির বলেন, “গোপন খবরে শহরের কাঞ্চন সেতু এলাকায় অভিযান চালায় র‌্যাব। সেখানে পণ্যবোঝাই পরিবহন থেকে চাঁদা তোলার সময় চাঁদাবাজি চক্রের তিন সদস্য মমিনুল, আব্বাস ও সাইফুলকে হাতেনাতে আটক করা হয়।”

তাদের কাছ থেকে পাঁচটি চাঁদা আদায়ের রশিদ বই ও চাঁদার ২ হাজার ৩৪০ টাকা এবং দুটি টর্চ লাইট জব্দ করার খবরও জানান র‌্যাবের এ কর্মকর্তা। 

তিনি বলেন, “এর আগে জিয়া সেতুর পশ্চিম পাশে অভিযান চালানো হয়। ওই সময় পণ্যবোঝাই গাড়ি থেকে চাঁদা আদায় করছিলেন আমিনুল ও বিপ্লব। র‌্যাব সদস্যরা তাদেরও হাতেনাতে আটক করে।”

দুটি ঘটনায় র‌্যাব বাদি হয়ে সংশ্লিষ্ট থাকায় মামলা করেছে এবং আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে।