২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কোনো ব্যক্তির সঙ্গে র‌্যাবের ভাবমূর্তির সম্পর্ক নেই’

নয়া র‌্যাবপ্রধান বলেন, “কেউ যদি কোনো ভুল-ত্রুটি করে থাকে, তাহলে ফোর্স এর দায়ভার নেবে না।”

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2024, 07:40 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

বেনজীর আহমেদ প্রসঙ্গে নয়া র‌্যাবপ্রধান হারুন অর রশিদ বলেছেন, “কোনো ব্যক্তির সঙ্গে র‌্যাবের ভাবমূর্তির সম্পর্ক নেই।” 

তিনি বলেন, “কেউ যদি কোনো ভুল-ত্রুটি করে থাকে, তাহলে ফোর্স এর দায়ভার নেবে না।” 

বুধবার বেলা ৩টার দিকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব মন্তব্য করেন। 

নয়া র‌্যাবপ্রধান বলেন, “উন্নয়নের পূর্বশর্ত আইনশৃঙ্খলা এবং স্থিতিশীলতা। এই আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতার জন্য উন্নয়নের যাত্রায় যারা প্রধানমন্ত্রীর সারথি ছিল তাদের মধ্যে আজকের এই পুলিশ এবং এলিট ফোর্স র‌্যাব রয়েছে।” 

মাদক, জঙ্গি, সন্ত্রাস দমন, জল ও বনদস্যু নির্মূল করে রাষ্ট্রীয় শৃঙ্খলা এবং নিরাপত্তা,অপরাধ দমন এবং নিয়ন্ত্রণে এলিট ফোর্স র‌্যাবের ঐতিহ্য ও গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে বলে দাবি তার। 

তিনি আরও বলেন, “২০১৬ সালে যে জঙ্গি হামলা হয়েছে,এরপর এমন ঘটনা আর ঘটেনি। কারণ, বেশ কয়েক জায়গায় কার্যকর অভিযান করেছি, আমরা বলি, ‘ইন্টেলিজেন্ট লিড অপারেশন’ যেগুলো হয়েছে। সেই কারণেই এমন পরিস্থিতির মোকাবেলা আর করতে হয়নি।”

বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে নিরাপদ দাবি করে হারুন অর রশিদ বলেন, “এসব ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে র‍্যাবের অসামান্য ভূমিকা রয়েছে।” 

এর আগে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। 

এ সময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মাহাবুব আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) মো. ইমতিয়াজ আহমেদ, লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফত ইসলাম, র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মাহমুদ, র‌্যাব-১০ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ফায়েজুল আরিফিন ও গোপালগঞ্জের পুলিশ সুপার আল বেলী আফিফা সেখানে ছিলেন।