২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

হিল উইমেন্সের মানববন্ধনে বক্তব্যের প্রতিবাদ জনসংহতি সমিতির

হিল উইমেন্স ফেডারেশনের বক্তব্য ও শ্লোগানের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি

হিল উইমেন্সের মানববন্ধনে বক্তব্যের প্রতিবাদ জনসংহতি সমিতির

ফাইল ছবি

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2022, 08:22 PM

Updated : 22 Jul 2022, 08:27 PM

ইউপিডিএফের নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের মানববন্ধনে দেওয়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

শুক্রবার সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ-এর সহযোগী নারী সংগঠন ‘হিল উইমেন্স ফেডারেশন’ গত বুধবার রাঙামাটি শহরের নিউ কোর্ট বিল্ডিংয়ে সন্তু লারমার কার্যালয়ের সামনে মানববন্ধন করে।

এই মানববন্ধন থেকে দেওয়া বক্তব্য ও শ্লোগানের নিন্দা জানিয়ে বিবৃতি দেয় জনসংহতি সমিতি।

বিবৃতিতে বলা হয়, “পার্বত্য শান্তি চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমাকে (সন্তু লারমা) খুনি, সন্ত্রাসীদের গডফাদার, জাতীয় কুলাঙ্গার, দালাল ইত্যাদি বলা হয়েছে।

“মানববন্ধনে জেএসএস-এর প্রতি তথাকথিত ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের আহ্বান জানানো হলেও তাদের অধিকাংশ বক্তব্য ও শ্লোগানে সন্তু লারমাকে লক্ষ্য করে।”

সেসব বক্তব্য ও শ্লোগান আক্রমণাত্মক, বিদ্বেষমূলক, মানহানিকর ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, “পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি দৃঢ়কণ্ঠে বলতে চায়, কায়েমি স্বার্থবাদী একটি বিশেষ মহল থেকে চুক্তিবিরোধী ও জুম্ম স্বার্থ পরিপন্থী গভীর যে ষড়যন্ত্র চলছে, একই মহলের নির্দেশে এবং তারই অংশীদার হিসেবে চুক্তিবিরোধী ইউপিডিএফ দুই সংগঠনকে ব্যবহার করে এ ধরনের ষড়যন্ত্রমূলক মানববন্ধনের নাটক মঞ্চস্থ করা হয়েছে।”

জনসংহতির ভাষ্য, মানববন্ধনে যে বক্তব্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভাওতাবাজি ও জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সেদিন সংগঠন দুটির মানববন্ধনের বক্তব্য অবিলম্বে প্রত্যাহার ও পরিহার করার আহ্বান জানাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। পাশাপাশি জুম্ম জাতি ও পার্বত্য অধিবাসীদের সামগ্রিক স্বার্থে চুক্তিবিরোধী ও জুম্ম স্বার্থ পরিপন্থী ষড়যন্ত্র থেকে বেরিয়ে এসে জনসংহতি সমিতির নেতৃত্বে পার্বত্য চুক্তি বাস্তবায়নসহ আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হওয়ার জন্য পুনঃ আহ্বান জানাচ্ছে।”

বুধবার সকালে ইউপিডিএফ-এর সহযোগী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের একদল নারীকর্মী রাঙামাটি শহরের প্রাণকেন্দ্র নিউ কোর্ট বিল্ডিংয়ে সন্তু লারমার কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করে। সেখানে বিভিন্ন ব্যানার ফেস্টুনে সন্তু লারমার সমালোচনা করে আঞ্চলিক পরিষদ থেকে তার অপসারণ দাবি করেছে।

আরও পড়ুন:

সন্তু লারমার অপসারণ দাবি হিল উইমেনস ফেডারেশনের