২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা, ভাঙচুর

গাড়িবহরে হামলা-ভাঙচুরের ঘটনায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 11:18 PM

Updated : 29 Nov 2026, 11:18 PM

গোপালগঞ্জে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

কুয়াকাটার উদ্দেশে ফিল্ড ওয়ার্কে যাওয়ার পথে রোববার এ ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান জানান।

তিনি বলেন, রাত সাড়ে ৩টার দিকে শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী গাড়িগুলো গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছিরা এলাকায় পৌঁছালে সেগুলো আটকে দেওয়া হয়। পরে তারা স্থানীয় একটি হাইওয়ে হোটেলে অবস্থান নেন।

সকাল ১১টার দিকে মুকসুদপুর উপজেলার একটি বাজারে পৌঁছালে শিক্ষার্থীদের বাস ও শিক্ষকদের মাইক্রোবাসে হামলা চালানো হয় জানিয়ে প্রক্টর বলেন, এতে বাসের জানালার কাচ এবং মাইক্রোবাসের সামনের কাচ ভেঙে যায়।

হামলায় এক শিক্ষার্থীর পিঠে কাচের ছোট ছোট টুকরা বিদ্ধ হয় এবং আরেক শিক্ষার্থী কপালে আঘাত পান। এ ঘটনার পর চালকরা গাড়িগুলো নিয়ে আবার আগের হোটেলে ফিরে যান।

অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, “বিষয়টি নিয়ে আমরাও উদ্বিগ্ন। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি, যাতে তাদের নিরাপদে ফিরিয়ে আনা যায়। পুলিশি নিরাপত্তায় তাদের পদ্মা সেতু পার করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে সারাদিন তা সম্ভব হয়নি। এখন সবার সঙ্গে যোগাযোগ করে তাদের নিরাপদে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।”