২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

প্যারিসের রাস্তায় বাংলাদেশিদের পরিচ্ছন্নতা অভিযান

বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে এ আয়োজন করে ‘সলিডারিটি আজি ফ্রান্স’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

এনায়েত হোসেন সোহেল ফ্রান্স প্রতিনিধি

Published : 20 Sep 2026, 11:29 PM

Updated : 20 Sep 2026, 11:42 PM

পরিবেশ সুরক্ষা, নাগরিক দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে ফ্রান্সের সেন্ট-দেনি শহরে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উদযাপনে অংশ নিয়েছেন বাংলাদেশি প্রবাসীরা।

স্থানীয় সময় রোববার সকালে প্রবাসী সংগঠন ‘সলিডারিটি আজি ফ্রান্স’ (সাফ)-এর উদ্যোগে এবং সেন্ট-দেনি সিটি করপোরেশনের (মেরি দো সেন্ট-দেনি) সহযোগিতায় এ কর্মসূচি পালন করেন তারা।

এতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ২৪০ জনেরও বেশি স্বেচ্ছাসেবী অংশ নেন। সকাল থেকেই তারা শহরের বিভিন্ন সড়ক ও এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।

কর্মসূচি পর্যবেক্ষণ ও স্বেচ্ছাসেবীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সেন্ট-দেনির মেয়র বাল্লি বাগায়োকো, কাউন্সিলর নোরা বেনসালাহ, মারিয়া অ্যাডজান্টে এবং বাংলাদেশি বংশোদ্ভূত স্থানীয় প্রতিনিধি নাহিদুল মুহাম্মদসহ মেরি দো সেন্ট-দেনির অন্যান্য কর্মকর্তা ও প্রতিনিধিরা।

‘সাফ’-এর সভাপতি এনকে নয়ন বলেন, “পরিচ্ছন্নতা শুধু বিশেষ কোনো দিবসের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়; পরিবেশ রক্ষা ও সুস্থ জীবনযাপনের জন্য প্রতিদিনই আমাদের নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। নাগরিকদের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে একটি বাসযোগ্য সুন্দর শহর গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সলিডারিটি আজি ফ্রান্সের সহ-সভাপতি মামুন হাসান এবং সাধারণ সম্পাদক শাহিন আহমদ মোড়ল। এছাড়া মেয়র ও স্থানীয় কর্মকর্তাদের উপস্থিতি স্বেচ্ছাসেবীদের মাঝে উদ্দীপনা যোগায়।

সেন্ট-দেনির মেয়র বাল্লি বাগায়োকো এ উদ্যোগের প্রশংসা করেন। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে সিটি করপোরেশনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীর হাতে সিটি করপোরেশন ও আয়োজক সংগঠনের পক্ষ থেকে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।