২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতের জনপ্রিয় রুটি ‘কবুজ’ কাহিনি

প্রায় ৫০ বছরেও এ রুটির মূল্য বাড়েনি, ধনী-গরিব সবার কাছে জনপ্রিয় এটি।

কুয়েতের জনপ্রিয় রুটি ‘কবুজ’ কাহিনি

কবুজ রুটি

আ হ জুবেদ

কুয়েত থেকে

Published : 19 Jul 2023, 02:45 PM

Updated : 19 Jul 2023, 02:45 PM

আরবের উত্তরাঞ্চলীয় পারস্য উপসাগরের প্রান্তের দেশ কুয়েত। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে রাষ্ট্রীয় মালিকানাধীন অন্যতম প্রতিষ্ঠান ‘কুয়েত ফ্লাওয়ার মিলস অ্যান্ড বেকারিজ কোম্পানি’।

এখানে বিস্কুট, ময়দা, রুটি, বান, কেক, ম্যাকারনি, পাস্তা এবং উদ্ভিজ্জ তেলের মতো পণ্য উৎপাদন করা হয়। তবে যে পণ্যটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে তা হলো এক প্রকার রুটি।

এ রুটির নাম ‘কবুজ’, স্থানীয় নাগরিকদের কাছে এটি ‘অ্যারাবিক রুটি’ হিসেবে পরিচিত। এর মূল্য কম, কিন্তু গুরুত্ব অনেক।

কুয়েতের নাগরিকদের কাছে ‘কবুজ’ রুটি অত্যন্ত সম্মানের, এর অপচয় তারা মোটেও পছন্দ করেন না। কুয়েতে মানুষের মৌলিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অ্যারাবিক রুটি বা কবুজ। দেশটির ধনী-গরিব সবার প্রিয় খাবার হিসেবে পরিচিত এ রুটি।

Image

কুয়েত ফ্লাওয়ার মিলস অ্যান্ড বেকারিজ কোম্পানি

আশির দশকে এক প্যাকেট ‘কবুজ’ এর মূল্য ছিল স্থানীয় মুদ্রায় ৫০ পয়সা, বর্তমান সময়ে এসেও সেই একই মূল্য ধরে রেখেছে কুয়েত সরকার। মোটামুটি বলা চলে প্রায় অর্ধশত বছর ধরে কুয়েতে এ রুটির মূল্য অপরিবর্তিত। এ তথ্যটি জ্যেষ্ঠ প্রবাসীদের কাছ থেকে পাওয়া। যদিও এরও অনেক আগ থেকেই ‘কবুজ’ রুটির মূল্য ৫০ পয়সাই ছিল বলে অনেকে বলছেন।

কুয়েত ফ্লাওয়ার মিলস ১৯৬১ সালে প্রতিষ্ঠিত। এ কোম্পানিটি তাদের বিভিন্ন পণ্য তৈরিতে সুনাম কুড়িয়েছে। সরকারি হিসাবে শুধু গেল বছর প্রায় ৫২ মিলিয়ন কুয়েতি দিনার বা প্রায় ১৭০ মিলিয়ন ডলার মুনাফা অর্জন করেছে কুয়েত ফ্লাওয়ার মিলস। এ কোম্পানিতে প্রবাসী বাংলাদেশিসহ প্রায় ৪ হাজার শ্রমিক কাজ করছেন। এতে তৈরিকৃত বিভিন্ন পণ্য স্থানীয় নাগরিকদের রেশন হিসেবে দেওয়া হয়।

কুয়েত সরকার প্রতিটি মুদি দোকানে ‘কবুজ’ বিক্রি বাধ্যতামূলক করেছে। যদিও বিক্রেতাদের জন্য এটি একটি অলাভজনক পণ্য, তবুও এক প্যাকেটে ৫টি রুটি ৫০ পয়সা মূল্য ধরে কিনে একই দরে বিক্রি করতে হয়। 

Image

কবুজ রুটি বিক্রি করছেন এক বিক্রেতা

দেশটির আব্বাসিয়া এলাকায় বিগ বাজার সুপার মার্কেটের মালিক প্রবাসী বাংলাদেশি বাহার মিয়া জানান, তার দোকানে হাজার প্রকার পণ্য রয়েছে। কমবেশি সব পণ্য বিক্রি করে তিনি লাভবান, শুধু কবুজ রুটি ছাড়া। এতে তার কোনো অভিযোগ নেই, এটি এক ধরনের সেবামূলক কাজ বলে মনে করেন তিনি।

বাহার বলেন, “এ রুটি দোকানে রাখতেই হবে। মাঝে মধ্যে স্থানীয় প্রশাসন পণ্যের গুণগত মান ও মেয়াদ দেখতে আসে। তখন কবুজ রুটি দোকানে আছে কিনা সেটিও তারা জিজ্ঞেস করে থাকে।”

এশিয়ান সুপারশপের মালিক আরেক বাংলাদেশি ব্যবসায়ী জাহাঙ্গীর খান পলাশ বলেন, “কবুজ রুটি দোকানে রাখা মানে এই পণ্য নিতে আসা ক্রেতারা অন্য আরেকটি পণ্য কিনবে। তাছাড়া আমি দেখেছি যে যেসব মুদি দোকানে এ রুটি নেই, সেসব দোকানে ক্রেতার সংখ্যা তুলনামূলক কম।”

জাহাঙ্গীর জানান, কবুজ রুটি কুয়েতের সব জায়গায় পাওয়া যায়। কম মূল্যের এ পণ্যের প্রতি ভোক্তা-ক্রেতাদের আগ্রহ বেশি।

দীর্ঘদিন ধরে কুয়েত-প্রবাসী সিলেটের মিহির কান্তি পাল বলেন, “নব্বই দশকে কুয়েত-ইরাক যুদ্ধের সময় ৫০ পয়সার এ অ্যারাবিক রুটি আমাদের বাঁচিয়ে রেখেছিল। ওই সময় কুয়েতে খাদ্য সংকট দেখা দিলে আমরা কবুজ রুটি খেয়ে প্রাণ বাঁচিয়েছিলাম।”

ব্রাহ্মণবাড়িয়ার রশিদ মিয়া বলেন, “মহামারীর সময় লকডাউনের কারণে রুটি সরবরাহ ঠিকমতো হচ্ছিল না। তখন আমি ফ্রিজে অনেক প্যাকেট কবুজ রুটি রেখেছিলাম, ফলে আমাকে খুব একটা খাবারের সমস্যা পোহাতে হয়নি।”

Image

কবুজ রুটি হাতে এক ক্রেতা 

স্থানীয় ইংরেজি দৈনিক ‘আরব টাইমস’ এক প্রতিবেদনে উল্লেখ করে যে, কুয়েত সরকার জনসাধারণের স্বার্থে বেশকিছু খাতে ভর্তুকি দিচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষি, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি এবং খাদ্যসামগ্রী। গত বছর প্রথম ৯ মাসে শুধু খাদ্য ও নির্মাণসামগ্রী খাতে ভর্তুকি হিসেবে কুয়েত ব্যয় করেছে ২২৪.২ মিলিয়ন কুয়েতি দিনার।

জ্বালানি তেলের চেয়ে পানির মূল্য বেশি এ দেশটিতে কেউ ধোঁয়ায় উড়িয়ে দেন ৫০ পয়সা; আবার কেউ সকালের নাস্তা, দুপুর কিংবা রাতের খাবারও সেরে নেন এই ৫০ পয়সার অ্যারাবিক রুটি বা কবুজ দিয়ে।

মিশরীয় নাগরিকদের অ্যারাবিক রুটি হচ্ছে প্রথম পছন্দ। রুটির সঙ্গে তাজা টমেটো, শসা আর পেঁয়াজ হলেই চলে তাদের। তবে প্রবাসী বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ার নাগরিকদের রুচি একটু ভিন্ন। অ্যারাবিক রুটি খাবারের ক্ষেত্রে এর সঙ্গে তাদের ডিমভাজি, সবজি ভাজি কিংবা তরকারি চাই।

১৭ হাজার ৮২০ বর্গকিলোমিটার আয়তনের পশ্চিম এশিয়ার দেশ কুয়েত। প্রায় পনেরো লাখ জনসংখ্যার এ দেশটিতে স্থানীয় নাগরিকদের তুলনায় তিনগুণ বেশি প্রবাসী কাজ করেন। এর মধ্যে আছেন প্রায় আড়াই লাখ দক্ষ-অদক্ষ বাংলাদেশি।