২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বঙ্গসম্মেলনে ‘অব্যবস্থাপনা’, ক্ষমা চাইলেন আয়োজকরা

এতে গানের অনুষ্ঠানে অংশ নেন চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন।

যুক্তরাষ্ট্রে বঙ্গসম্মেলনে ‘অব্যবস্থাপনা’, ক্ষমা চাইলেন আয়োজকরা

বঙ্গসম্মেলনে মেহের আফরোজ শাওন ও চঞ্চল চৌধুরী

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2023, 11:40 AM

Updated : 07 Jul 2023, 11:40 AM

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে যাওয়া ৪৩তম বঙ্গসম্মেলনে ঘিরে ‘অব্যবস্থাপনার’ অভিযোগ তুলেছেন কয়েকজন অংশগ্রহণকারী ও প্রবাসী দর্শক। এ প্রেক্ষিতে ক্ষমা চেয়েছেন আয়োজকরা।

৩০ জুন থেকে ২ জুলাই নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে গানের অনুষ্ঠানে অংশ নেন চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। ‘কবিতার বিশ্বায়ন ও বাংলা কবিতা’ বিষয়ক সেমিনারে অংশ নেন কবি সুবোধ সরকার, কবি বিনায়ক বন্দোপাধ্যায় ও ফকির ইলিয়াস। ‘মুক্তিযুদ্ধের কথামালাতে’ অংশ নেন নুরুন নবী ও আবদুন নূর। কবিতা পড়েন তসলিমা নাসরিন।

আরও নানা পর্বে অংশ নেন সঙ্গীতশিল্পী অজয় চক্রবর্তী, তেজেন্দ্র নারায়ণ মজুমদার, আনিন্দ চ্যাটার্জি, সনু নিগম, জাভেদ আলী, দুলাল লাহিড়ী, সুমিত্রা মিত্র, রাঘব চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত ও ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। অংশ নেয় বইবিপণি প্রতিষ্ঠান ‘মুক্তধারা’, লিটল ম্যাগাজিন ‘ঘুংঘুর’, বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস (বাফা) ও বাংলা ব্যান্ড ‘ক্যাকটাস’।

এদিকে সম্মেলন নিয়ে কয়েকজন অংশগ্রহণকারী ও প্রবাসী দর্শক অনুষ্ঠানস্থল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অভিযোগ করেন। অভিযোগের মধ্যে রয়েছে ‘সূচি ঠিক না রাখা, নিবন্ধনকারীদের না জানিয়ে উদ্বোধনী ভেন্যু পরিবর্তন, আবাসন ও খাবারে অব্যবস্থাপনা’ ইত্যাদি।

এ ব্যাপারে সঙ্গীতশিল্পী অজয় চক্রবর্তীর মেয়ে সঙ্গীতশিল্পী কৌশিকী চক্রবর্তী বলেন, “বঙ্গসম্মেলনে অব্যবস্থাপনা নতুন নয়। এজন্য গত আট-নয় বছর আমি যাই না। কর্তৃপক্ষ জানেন যে, বঙ্গসম্মেলনে আমি নেই। আমার পূর্ব অভিজ্ঞতার কারণে আমি না বলি।”

অভিযোগের প্রেক্ষিতে সম্মেলনের আয়োজক সংগঠন ‘কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল’ (সিএবি)’ এর সভাপতি রণদেব সরকার মঙ্গলবার এক বিবৃতি দিয়েছেন। এতে তিনি বলেন, “আমরা ক্ষমাপ্রার্থী। আমাদের কমিটি এ নিয়ে আলোচনা করে অব্যবস্থাপনার বিচার যাতে তাড়াতাড়ি হয় এবং সেই সব অযোগ্য লোকদের জনসমক্ষে নিয়ে আসা যায়- এই বিষয়ে আমরা যথাসাধ্য চেষ্টা করব।”