ঢাকায় ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট’ ডিসেম্বরে
প্যারিসে সংবাদ সম্মেলন: হাজারের বেশি প্রবাসী অংশ নেওয়ার আশা।
প্রবাসী বাংলাদেশিদের মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও বিনিয়োগকে দেশের উন্নয়নে কাজে লাগাতে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর রাজধানী ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’।
এ উপলক্ষ্যে রোববার বিকেলে ফ্রান্সের প্যারিসের প্লাস দ্য ক্লিশির ক্যাফে লুনার হলরুমে সংবাদ সম্মেলন করে আয়োজক যুক্তরাষ্ট্রভিত্তিক প্রবাসীদের সংগঠন ‘এনআরবি ওয়ার্ল্ড’।
সম্মেলনের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা জানিয়ে এতে লিখিত বক্তব্য পড়ে শোনান এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এর কনভেনর মমিনুল হক। এসময় এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম এবং উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, এবারের সামিটের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘থিংক বাংলাদেশ’। এতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এক হাজারের বেশি অনাবাসী বাংলাদেশি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
প্রবাসী ব্যবসায়ী ও পেশাজীবী নেতাদের পাশাপাশি মন্ত্রী, রাজনীতিবিদ, কূটনীতিক ও আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন। সম্মেলনের মাধ্যমে প্রবাসীদের সঙ্গে দেশের নীতি-নির্ধারক ও বিভিন্ন খাতের উদ্যোক্তাদের সরাসরি সংযোগ ও সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে।
আয়োজকদের মতে, সামিটে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, বিনিয়োগের সুযোগ, উদ্যোক্তা উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে। দুই দিনব্যাপী এই আয়োজনে প্যানেল আলোচনা, মতবিনিময়, নেটওয়ার্কিং ও ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে প্রবাসী পেশাজীবী ও বিনিয়োগকারীদের মধ্যে সম্পর্ক জোরদারের পরিকল্পনা রয়েছে।
