চীনে মেট্রোরেল যেভাবে চলে
ব্রিটেনে মেট্রোরেল চালু হয় ১৮৬৩ সালে আর ভারতে ১৯৮৪ সালে। অন্যদিকে, বাংলাদেশে দেরি করে হলেও অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়েছে।
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য চীন সরকারের স্কলারশিপ নিয়ে আমি এদেশে আসি। দেখতে দেখতে চারটি বছর কেটে গেল চীনে। মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করার পর আবার চীন সরকারের স্কলারশিপ পেয়ে বর্তমানে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়ন করছি।
গত চার বছর ধরে আমি বসবাস করছি চীনের চিয়াংশি প্রদেশের রাজধানী নানছাং শহরে। নিজের ব্যক্তিগত প্রয়োজনে হোক বা অন্যের প্রয়োজনে শহরের বিভিন্ন জায়গায় যেতে হয়। যাতায়াতের ক্ষেত্রে অধিকাংশ সময় ব্যবহার করি গণপরিবহন, অর্থাৎ সিটি বাস, মেট্রোরেল বা সাবওয়ে।
চীনে সর্বোচ্চ ব্যবহৃত যানবাহনের মধ্যে অন্যতম হলো মেট্রো। যে কোন শহরের সিংহভাগ জনগণ এ সেবা নিয়ে থাকে। কোন রকম ভোগান্তি ছাড়া মেট্রোরেল ননস্টপ সেবা দিয়ে থাকে। নানছাং শহরের গণপরিবহন ব্যবস্থায় মেট্রোরেল যাকে আমরা পাতালরেলও বলি তা রয়েছে, এটি প্রাদেশিক সরকারের অধীনে পরিচালিত হয়।
এদেশে গণপরিবহন পুরোপুরি সরকার কর্তৃক পরিচালিত, ব্যক্তিমালিকানাধীন কোন গণপরিবহন নেই। চীনের সবচেয়ে ব্যস্ততম তিনটি মেট্রোরেল হলো- বেইজিং, গুয়াজু ও সাংহাই শহরে।
বিশ্বের প্রায় ৬০টিরও বেশি দেশে ইতোমধ্যে মানুষকে মেট্রোরেলের সেবা দেওয়া হচ্ছে৷ ২০২১ সাল পর্যন্ত বিশ্বের ৬১টি দেশের দুই শতাধিক শহরে গণপরিবহন হিসেবে মেট্রোরেল চালু হয়েছে। কেবল চীনেই ৪৬টি মেট্রো সিস্টেম রয়েছে, যুক্তরাষ্ট্র ও ভারতে রয়েছে ১৫টি করে৷
অবশেষে বাংলাদেশও সেই ক্লাবে যোগ দিয়েছে৷ সাড়ে ছয় বছর আগে রাজধানীর চিরচেনা যানজট এড়াতে উত্তরায় দেশের প্রথম মেট্রোরেলের নির্মাণকাজ শুরু হয়। ২০২২ সালের শেষে এসে উদ্বোধনের মধ্য দিয়ে তা পরিণতি পেল৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ণিল আয়োজনে দেশের প্রথম এ বৈদ্যুতিক গণপরিবহনের উদ্বোধন করেন, যার মধ্যে দিয়ে নতুন যুগে প্রবেশ করলো বাংলাদেশ৷
নানছাং শহরে পাতালরেল নির্মাণ পরিকল্পনা রাজ্য কাউন্সিল কর্তৃক ২০০৯ সালের জুলাই মাসে অনুমোদিত হয়েছে। পরিকল্পনায় ৫টি লাইন রয়েছে, যার মোট দৈর্ঘ্য ১৯৮ কিলোমিটার, যেখানে মোট ১৪৬টি স্টেশন রয়েছে। তাদের মধ্যে লাইন-১ এর প্রথম পর্বের কাজটি সম্পন্ন হয় ২০১৫ সালের ২৬ ডিসেম্বর এবং জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়। পাতালরেলের লাইন-১ এর মোট দৈর্ঘ্য ২৮.৮ কিলোমিটার, যেখানে ২৪টি স্টেশন রয়েছে এবং মোট বিনিয়োগের পরিমান ২১০ বিলিয়ন ইউয়ান।
পাতালরেলের লাইন-২ এর মোট দৈর্ঘ্য ২৩.৮ কিলোমিটার, যেখানে ২২টি স্টেশন রয়েছে এবং মোট বিনিয়োগের পরিমান ১৬০ বিলিয়ন ইউয়ান। লাইন-২ এর প্রথম পর্বের কাজটি সম্পন্ন হয় ২০১৭ সালের ১৮ অগাস্ট এবং যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। লাইন-৩ এর মোট দৈর্ঘ্য ২৮.৫ কিলোমিটার, যেখানে ২২টি স্টেশন রয়েছে। ২০২০ সালের ২৬ ডিসেম্বর এর প্রথম পর্বের কাজ শেষ হয় এবং যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
লাইন-৪ এর কাজ ২০২১ সালের শেষের দিকে সম্পন্ন হয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তাছাড়া লাইন-৫ এর কাজ নির্মাণাধীন রয়েছে। পাতালরেলের একেকটি লাইনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সর্বোচ্চ ভাড়া ৬ ইউয়ান, তবে দূরত্ব ভেদে ভাড়া কম বেশি হয়ে থাকে।
নানছাং শহরের মেট্রোরেলে ভাড়া পরিশোধের জন্য রয়েছে স্বয়ংক্রিয় পেমেন্ট সিস্টেম যা কার্ডের মাধ্যমে করা যায়। তাছাড়া চাইনিজ পেমেন্ট গেটওয়ে ‘আলি পে’ অথবা ক্যাশ টাকা দিয়ে টোকেনের মাধ্যমে পরিশোধ করা যায়। চীনের অন্যান্য শহরেও একই ধরনের পেমেন্ট সিস্টেম রয়েছে। কার্ডে একবার রিচার্জ করলে দীর্ঘদিন রিচার্জ করার প্রয়োজন পড়ে না। একই কার্ডে নানছাং শহরে অন্যান্য গণপরিবহন যেমন সিটি বাসের ভাড়াও পরিশোধ করা যায়।
কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধের কিছু অতিরিক্ত সুবিধা আছে। যেমন মেট্রোরেলে একই রুটে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের ভাড়া ছয় ইউয়ান, সেক্ষেত্রে কার্ডের মাধ্যমে পরিশোধ করলে তা হবে ৫.৪০ ইউয়ান, অর্থ্যাৎ ০.৬০ ইউয়ান পরিশোধ করতে হচ্ছে না। কার্ডের মধ্যে আগে থেকে টাকা রির্চাজ করে রাখতে হয় এবং যে কোনো সময়ে তা খরচ করা যায়। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে, একবার কার্ড পাঞ্চ করে একটি নির্দিষ্ট ভাড়ায় স্থানভেদে শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যাওয়া যায়।
নানছাং শহরে পাতালরেলের এক স্টেশন থেকে আরেক স্টেশনের দূরত্ব তিন থেকে পাঁচ মিনিটের এবং যাত্রার মাঝে স্টেশনে যাত্রী উঠানামার জন্য এক মিনিটের মতো যাত্রা বিরতি থাকে। তবে যাত্রীর সংখ্যা বেশি হলে কিছুটা দেরি করে ছাড়ে পাতালরেল। যাত্রীদের কখনও তাড়াহুড়ো বা ধাক্কাধাক্কি করে পাতালরেলে উঠতে দেখিনি। প্রত্যেকটি স্টেশন অনেক সাজানো-গোছানো, শীতাতপ নিয়ন্ত্রিত, এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা চোখে পড়ার মতো।
ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পাতালরেল যাত্রীদের নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে থাকে। সবচেয়ে ভালো লাগার ব্যাপার হলো, গত চার বছরে আমি চীনের গণপরিবহনে এক পয়সাও ভাড়া বাড়তে দেখেনি। পরিবহন শ্রমিকদের কাছে এখানের জনগণ জিম্মি নয়।
প্রতিটি স্টেশনে যাত্রীদের বসার জন্য ব্যবস্থা রয়েছে, আছে ডিজিটাল বুথ যেখানে যাত্রীদের প্রয়োজনীয় খাবার কেনা-সহ অন্যান্য সুবিধা রয়েছে। ময়লা ফেলার জন্য রয়েছে আলাদা ডাস্টবিন এবং রয়েছে টয়লেটের ব্যবস্থা। এর পাশাপাশি ভ্রমণ সংক্রান্ত সমস্যা সমাধান এবং নিরাপত্তার জন্য প্রত্যেক স্টেশনে নির্দিষ্ট রেলকর্মী এবং আলাদা নিরাপত্তাকর্মী রয়েছে। স্টেশনগুলোতে সিঁড়ি এবং এস্কেলেটরের পাশাপাশি বয়স্ক এবং প্রতিবন্ধীদের উঠানামার জন্য লিফটের ব্যবস্থা রয়েছে। ট্রেনের প্রতি বগিতে ডিজিটাল স্ক্রিনে স্টেশনের নাম দেখানো হয়ে থাকে এবং স্পিকারে স্টেশনের নাম জানিয়ে যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সহায়তা করা হয়।
ব্রিটেনে মেট্রোরেল চালু হয়েছে ১৮৬৩ সালে আর ভারতে ১৯৮৪ সালে। অন্যদিকে, বাংলাদেশে দেরি করে হলেও অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়েছে। রাষ্ট্র আমাদের উন্নত দেশের সুবিধা যেমন মেট্রোরেল, পদ্মাসেতু, স্যাটেলাইট, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সাবমেরিন, এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার দিলো, কিন্তু আমরা কতটা স্মার্ট হতে পারলাম!
পদ্মাসেতু উদ্বোধনের পর সেতুর নাট-বল্টু এবং টিকটক কাণ্ড কারো অজানা নয়। যদিও চীনে টিকটক বিলিয়ন ডলার ব্যবসায়িক প্লাটফর্ম। খবরে দেখলাম মেট্রোরেলের প্রবেশের মূলগেট বন্ধ করে দেওয়াতে ক্ষুব্ধ হয়ে বাইরে অপেক্ষায় থাকা যাত্রীরা এসময় গেটে ধাক্কাধাক্কি করেন, কেউ কেউ আবার গেট টপকে স্টেশনের ভেতরে ঢোকার চেষ্টা করেন। দেশের জাতীয় সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধু সরকারের নয়, দেশের নাগরিকদেরও। সবার মধ্যে এ উপলব্ধি থাকা উচিত।
দেরিতে হলেও বাংলাদেশে মেট্রোরেল চালু হয়েছে, যার ফলে রাজধানীবাসীর সময় বাঁচবে ও জনদুর্ভোগ কমবে। মুক্ত হবে প্রাণের রাজধানীতে সব প্রকার যানজট, পরিবহন ব্যবস্থা হবে নিয়ন্ত্রিত, হবে উন্নত রাষ্ট্রের গণপরিবহন ব্যবস্থার মতো নির্ভার। নির্মল হোক রাজধানীর আলো-বাতাস।
লেখক: চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্সের ডক্টরাল ফেলো
