হাসন রাজা স্মরণে সিডনিতে উৎসব
‘হাসন রাজা পরিষদ, অস্ট্রেলিয়ার’ উদ্যোগে উৎসবের সহযোগিতায় রয়েছে ‘পথ প্রডাকশন’।
কবি ও বাউল হাসন রাজা স্মরণে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হাসন রাজা উৎসব’।
শনিবার সিডনির ব্যাংকসটাউনে অবস্থিত ব্রায়ান ব্রাউন থিয়েটারে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে এ অনুষ্ঠান। ‘হাসন রাজা পরিষদ, অস্ট্রেলিয়ার’ উদ্যোগে উৎসবের সহযোগিতায় রয়েছে ‘পথ প্রডাকশন’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, বাংলাদেশ থেকে আসা সংগীতশিল্পী সেলিম চৌধুরী হাসন রাজার জনপ্রিয় গানগুলো উৎসবে পরিবেশন করবেন। অতিথি শিল্পী হিসেবে থাকবেন শিল্পী ইন্দ্রমোহন রাজবংশীর স্ত্রী দীপ্তি রাজবংশী।
উৎসবে পথ প্রডাকশনের পরিচালনায় পরিবেশন করা হবে নাটিকা ‘পিঞ্জিরা’। এছাড়া সিডনির স্থানীয় সংগীত, নৃত্য ও অভিনয় শিল্পীরা অংশ নেবেন। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছে প্রভাতফেরী, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল একাডেমি এবং স্ট্যামফোর্ড এডুকেশন।
উৎসব সম্পর্কে হাসন রাজার প্রপৌত্র এবং হাসন রাজা পরিষদ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক সোলায়মান দেওয়ান বলেন, “হাসন রাজা ছিলেন একজন উদার অসাম্প্রদায়িক সাধক কবি। সব সম্প্রদায়ের সমন্বয় সাধন ছিলো তার জীবনের ব্রত। ভেদাভেদ ভুলে তিনি মানুষের মিলন কামনা করেছেন। তার কাব্যেও সেই ঘোষণা রয়েছে। আমাদের বাংলা সংস্কৃতি আজ ভয়াবহ হুমকির সম্মুখীন। এই সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকেই এগিয়ে আসতে হবে। ভবিষ্যত প্রজন্মের কাছে অবিকৃত এই সংস্কৃতির ধারাকে তুলে ধরার জন্য বিদেশের মাটিতে হাসন রাজা পরিষদের এমন উদ্যোগ।”
