নিউ ইয়র্কে ৩২তম বাংলা বইমেলা শুরু
মুক্তিযুদ্ধের ‘সঠিক ইতিহাস’ লেখার আহ্বান জানান বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সিতারা রহমান।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে ৪ দিনব্যাপী ৩২তম বাংলা বইমেলা।
শুক্রবার জ্যামাইকায় পারফর্মিং আর্ট সেন্টারে কথাসাহিত্যিক শাহাদুজ্জামান ফিতা কেটে মেলা উদ্বোধন করেন।
প্রধান অতিথি ছিলেন বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সিতারা রহমান।
মুক্তিযুদ্ধের ‘সঠিক ইতিহাস’ লেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারা যুদ্ধ করেছেন, রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন কিংবা মুক্তিযুদ্ধের সময়ে পরিপক্ক মানুষ ছিলেন, তারা যেন সঠিক ইতিহাস লিখেন। কারণ, মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কথা রটেছে যার অনেকটাই সত্য নয়। আসল কথা বলতে গেলে মুশকিল হয়ে যায়। আমি বলবো যারা আসল খবর, আসল ইতিহাস জানেন, তারা যেন নতুন প্রজন্মকে ইতিহাসের প্রতি উদ্বুদ্ধ করার স্বার্থেই তা লিখতে এগিয়ে আসেন।”
শুভেচ্ছা বক্তব্য দেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম। শামিম আল আমিন এবং উর্বি হাই এর উপস্থাপনায় আরও বক্তব্য দেন ছড়াকার লুৎফর রহমান রিটন, আবৃত্তিশিল্পী আহকাম উল্লাহ, ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার এ জেড এম সাজ্জাদ হোসেন, কলকাতা বইমেলার সভাপতি সুধাংশ শেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়।
মেলার মূলপর্বের আগে ৩২ কবি-সাহিত্যিক-লেখক-প্রকাশককে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। প্রদীপ প্রজ্বলনে অংশ নেন গোলাম ফারুক ভূইয়া, মুক্তিযোদ্ধা আবিদুর রহমান, মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, মুক্তিযোদ্ধা মেজবাহউদ্দিন আহমেদ, হাসান ফেরদৌস, ফেরদৌস সাজেদীন, জসীম মল্লিক এবং মুক্তধারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা।
আয়োজকরা জানান, এবারের মেলায় দেশ ও প্রবাসের ২৫টি প্রকাশনা সংস্থা ছাড়াও শতাধিক লেখক-সাহিত্যিক-কবি-প্রাবন্ধিক এসেছেন। নতুন বইয়ের সংখ্যা দুই হাজার। বাংলাদেশ, কলকাতা এবং যুক্তরাষ্ট্রের শিল্পীরা বিভিন্ন পর্বে অংশ নেবেন, রয়েছে নতুন প্রজন্মের অংশগ্রহণে ‘শিশু-কিশোর-যুব উৎসব'।
সামনের বছর ৩৩তম বইমেলার নামকরণ ‘নিউ ইয়র্ক বাংলা আন্তর্জাতিক বইমেলা’ করার ঘোষণা দেন বইমেলার আহ্বায়ক বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ আব্দুন নূর এবং মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুন্নবী।
