আগামী বছর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
ফেব্রুয়ারির পরিবর্তে প্রায় তিন সপ্তাহ এগিয়ে আগামী বছর অমর একুশে বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি। মাসব্যাপী এ মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
রোববার বাংলা একাডেমি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে মেলা এগিয়ে আনার তারিখ ঘোষণা করেছে। তবে কী কারণে মেলা এগিয়ে আনা হচ্ছে তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি।
চলতি বছর মেলা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ১ ফেব্রুয়ারির পরিবর্তে মেলা পেছানো হয়েছিল।
আগামী বছর মেলা এগিয়ে আনার এ সিদ্ধান্ত হয়েছে গত ১৩ অক্টোবর। বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভা সভাকক্ষে একুশে বইমেলা আয়োজক বিষয়ক সভায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে এ সিদ্ধান্ত হয়।
এতে প্রশাসক ও তাদের প্রতিনিধিদের পাশাপাশি প্রধানমন্ত্রীর সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন বলে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
মেলা শুরুর সময় এগিয়ে নিয়ে আসার বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে লেখা আছে, প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এই তারিখ চূড়ান্ত করা হয়েছে। সেই অনুযায়ী আমরা মেলার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের কথা বলেছি।”
