চট্টগ্রামে ‘ফার্নিচার এক্সিবিশন’, চলবে ছয়দিন
এবারের মেলায় ২৬টি ফার্নিচার প্রস্তুতকারী প্রতিষ্ঠান অংশ নেবে।
মঙ্গলবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে ১৫তম চট্টগ্রাম ফার্নিচার এক্সিবিশন ২০২৬।
জিইসি কনভেনশন হলে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির আয়োজনে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই মেলা চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।
রোববার দুপুরে নগরীর জিইসি মোড়ে একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে মেলা আয়োজনের বিষয়ে বিস্তারিত জানানো হয়।
বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চট্টগ্রাম বিভাগের সভাপতি মাকসুদুর রহমান বলেন, “আউটার স্টেডিয়ামের জিমনেসিয়ামে আমরা প্রথম মেলা শুরু করেছিলাম ছোট পরিসরে। ধীরে ধীরে আজকের পর্যায়ে এসেছি।
“দেশের ফার্নিচার শিল্পের বিকাশ ও প্রসারে এই এক্সিবিশনের গুরুত্ব অপরিসীম। আমদানি নির্ভরতা কমিয়ে দেশের ফার্নিচার শিল্পকে একটি রপ্তানিমুখী শিল্পে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য।”
অচিরেই এই খাত দেশের অন্যতম প্রধান রপ্তানিমুখী শিল্পে পরিণত হবে দাবি করে তিনি বলেন, “এজন্য সরকারের সঠিক পৃষ্ঠপোষকতা ও তদারকি প্রয়োজন। ইউরোপসহ বিশ্ব বাজারে প্রতিযোগিতার জন্য আমরা প্রস্তুত। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ছয়টি ফার্নিচার প্রতিষ্ঠান মেলায় অংশ গ্রহণ করে। সেখানেও চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান ছিল।
“দুই বছর আগে বোম্বেতে মেলা করি। ভারতে আমাদের ফার্নিচারের অনেক কদর। চলতি বছর আমেরিকা ও দুবাইতে মেলায় অংশগ্রহণ করব। বড় ব্র্যান্ডগুলো অলরেডি রপ্তানি করছে। সঠিক সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি অন্যতম বৃহৎ রপ্তানি খাতে পরিণত হবে। এখন আমদানি প্রায় শূন্যের কোঠায় নেমেছে।”
তবে চট্টগ্রামে মেলা করার মত কোন স্থান নেই জানিয়ে মাকসুদুর রহমান বলেন, “এক্সিবিশন করার মত কোন অবকাঠামো নেই। শুধু ফার্নিচার নয়, দেশিয় অন্য শিল্প পণ্য প্রদর্শন করার মত আন্তর্জাতিক মানের এক্সিবিশন সেন্টার নেই। এটা চট্টগ্রামের প্রতি বিমাতাসুলভ আচরণ।”
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেলা কমিটির আহ্বায়ক এম. নাছের জানান, মঙ্গলবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।
মেলা উদ্বোধন করবেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী।
এবারের মেলায় ২৬টি ফার্নিচার প্রস্তুতকারী প্রতিষ্ঠান অংশ নেবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চট্টগ্রাম বিভাগের উপদেষ্টা নুর উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন চৌ:ুরী দুলাল, মেলা কমিটির সদস্য সটিব আল মোহাম্মদ ইকবাল, সদস্য সৈয়দুর রহমান আজিজ, মো. জসিম উদ্দিন, মো. ইয়াছিন প্রমুখ।
