১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিউ ইয়র্কে দুর্বৃত্তের হামলায় আহত বাংলাদেশির মৃত্যু

গত ৭ এপ্রিল হামলায় আহত হওয়ার পর জ্যামাইকা হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল খসরুকে।

নিউ ইয়র্কে দুর্বৃত্তের হামলায় আহত বাংলাদেশির মৃত্যু

জাকির হোসেন খসরু

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2024, 03:51 PM

Updated : 11 Apr 2024, 03:51 PM

তিদিন আগে নিউ ইয়র্কে দুর্বৃত্তের ধাক্কায় পড়ে গিয়ে মাথা আঘাত পাওয়া বাংলাদেশি নাগরিক জাকির হোসেন খসরু (৭৬) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জ্যামাইকার একটি হাসপাতালে বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

জ্যামাইকার হিলসাইড এভিনিউ সংলগ্ন ১৬৮ স্ট্রিটে গত ৭ এপ্রিল বিকালে খসরুর ওপর হামলা হয়েছিল।

এক দুর্বৃত্ত খসরুকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তার মাথা ফেটে যায় বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানায়।

খবর পেয়ে পুলিশ খসরুকে গুরুতর অবস্থায় নিকটস্থ জ্যামাইকা হাসপাতালে ভর্তি করে। সেখানে তাকে রাখা হয়েছিল লাইফ সাপোর্টে।

খসরুর স্ত্রী শামিমা আকতার শিউলির বরাত দিয়ে শেরপুর জেলা সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ১টায় জ্যামাইকা মুসলিম সেন্টারে তার জানাজার পর খসরুর মরদেহ নিউজার্সির মার্লবরোতে শেরপুর জেলা সমিতির ক্রয় করা কবরে দাফন করা হবে।

খসরুর স্ত্রী শামিমা শেরপুর জেলা সমিতির সাবেক উপদেষ্টা।

এ ঘটনায় ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ মঈন চৌধুরী ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দুর্বৃত্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সঙ্গে দেখা করে এই হত্যাকাণ্ডের তদন্ত সাপেক্ষে দুর্বৃত্তের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার অনুরোধ করবেন বলেও জানান তিনি।