শেষ হলো ওয়াশিংটন ডি.সি. বইমেলা
মেলার বিভিন্ন অনুষ্ঠানের জন্য নির্ধারিত স্থানগুলোর নামকরণ করা হয় বাংলাদেশের নদীর নামে।
‘বিশ্বজুড়ে বাংলা বই’ স্লোগানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সিতে শুরু হওয়া ‘ডিসি বইমেলা ২০২২’ শেষ হলো।
২৯ ও ৩০ অক্টোবর ওয়াশিংটন ডি.সির অদূরে স্প্রিংফিল্ডে অবস্থিত হলিডে ইন এক্সপ্রেসে এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলা উদ্বোধন করেন সৈয়দ হাসান ইমাম। স্বাগত বক্তব্য দেন মেলার প্রধান সমন্বয়ক আতিয়া মাহজাবীন নীতু।
বিশেষ অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী, নুরুন নবী, হাসান মাহমুদ, আব্দুন নুর, নুরজাহান বোস ও লায়লা হাসান।
এবারের মেলার বিভিন্ন অনুষ্ঠানের জন্য নির্ধারিত স্থানগুলোর নামকরণ করা হয় বাংলাদেশের নদীর নামে। হোটেলের বলরুম ‘ময়ূরাক্ষীতে’ পরিবেশিত হয় মূল অনুষ্ঠান। সেমিনার ও তথ্যচিত্র প্রদর্শনী হয় ‘ধলেশ্বরীতে’। অন্যান্য অনুষ্ঠানমালার জন্য ব্যবহৃত স্থানগুলোর নাম ছিল ‘ইরামতি’, ‘কীর্তনখোলা’ ও ‘কর্ণফুলী’।
বইমেলার সাহিত্য পুরস্কারের জন্য এবছর মনোনীত হন কবি আসাদ চৌধুরী। মেলায় অন্যান্য আয়োজনের মধ্যে ছিল লেখকদের সবই নিয়ে আলাপচারিতা, পাঠ-উন্মোচন, সেমিনার, ভাস্কর্য প্রদর্শনী, কবিতা-পুঁথি পাঠ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গান।
