২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

দেশের রাজনীতির আঁচ বিদেশে, নিউ ইয়র্কে মুখোমুখি আওয়ামী লীগ-বিএনপি

দুই দলের সমর্থকরা পাল্টাপাল্টি স্লোগান দেওয়ার একপর্যায়ে ধাক্কাধাক্কিতে জড়ান।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2023, 11:35 PM

Updated : 18 Jul 2023, 11:54 PM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া-ধাওয়ির ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিটে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আলোকচিত্র সাংবাদিক নিহার সিদ্দিকী জানান, দুই দলের সমর্থকরা পাল্টাপাল্টি স্লোগান দেওয়ার একপর্যায়ে ধাক্কাধাক্কিতে জড়ান। কেউ কেউ পানির বোতলও ছুড়ছিলেন প্রতিপক্ষকে। এ পরিস্থিতিতে সেখান দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তখন কয়েক ডজন পুলিশ এসে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Image

জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিটে মুখোমুখি আওয়ামী লীগ ও বিএনপি।

গত ১২ জুলাই বাংলাদেশিদের এ বাণিজ্যিক এলাকায় এসে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েছিলেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগ সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। তখন আওয়ামী লীগের সমর্থকরা তা প্রতিহত করার চেষ্টা করেছিলেন।

সেদিনের ঘটনায় থাকা যুবদলের নেতা বাদল মির্জার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে শনিবার হামলার ঘটনা ঘটে।

তার প্রতিবাদে সোমবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় বিক্ষোভ দেখান বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।

Image

ধাওয়াধাওয়ির আগে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় বিএনপির প্রতিবাদ কর্মসূচি।

এরপর তারা নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভায় যোগ দিতে যাচ্ছিলেন বাংলাদেশ স্ট্রিটের নবান্ন রেস্তোরাঁর বেসমেন্টে। সেসময় ওই রেস্তোরাঁর সামনের সড়কে অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। তারা শামীম ওসমানের সঙ্গে ‘ঔদ্ধত্য প্রদর্শনকারীদের’ ধিক্কার জানিয়ে সেখানে স্লোগান দিচ্ছিলেন। আর তারপরই ধাক্কাধাক্কি, বোতল ছোড়া এবং ধাওয়াধাওয়ির ঘটনা ঘটে।

এর আগে ডাইভার্সিটি প্লাজায় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জসীম ভূইয়া, জাকির এইচ চৌধুরী, হাবিবুর রহমান সেলিম রেজা, সাঈদুর রহমান সাঈদ, যুবদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক আবু সাঈদ।