২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ে সড়কে প্রাণ ঝরলো বাংলাদেশির

নিহত আলমগীর ৩০ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে প্রবাস জীবনযাপন করছিলেন।

দুবাইয়ে সড়কে প্রাণ ঝরলো বাংলাদেশির
মোহাম্মদ আলমগীর (৫৫)

জাহাঙ্গীর কবীর বাপপি

সংযুক্ত আরব আমিরাত থেকে

Published : 04 Jun 2024, 12:25 AM

Updated : 26 Aug 2026, 09:42 AM

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহতের নাম মোহাম্মদ আলমগীর (৫৫)। বাবার নাম মফিজুল্লাহ কোম্পানি, বাড়ি সন্দ্বীপের ২ নং মুছাপুর ওয়ার্ডে।

স্থানীয় সময় রোববার রাতে দুবাইয়ের আল আইন হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে বলে সংবাদটি নিশ্চিত করেছেন নিহতের আপন জেঠাতো ভাই আরেক প্রবাসী মোহাম্মদ রিয়াদ।

রিয়াদ জানান, আলমগীর ইলেক্ট্রিক্যাল সুপারভাইজার হিসেবে কাজ করতেন। ওই রাতে হাইওয়েতে স্ট্রিট লাইটের রক্ষণাবেক্ষণের কাজ করতে নিজেই গাড়ি চালিয়ে গিয়েছিলেন তিনি।

কর্মস্থলে শ্রমিকদের নামিয়ে দিয়ে গাড়ি ঘোরানোর সময় পেছন থেকে দুবাইমুখী স্থানীয় আরবের একটি গাড়ি তার গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সন্দ্বীপ অ্যাসোসিয়েশন আবুধাবির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মিঠু জানান, আলমগীর ৩০ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে প্রবাস জীবনযাপন করছিলেন। প্রায় এক বছর আগে তিনি তার বড় মেয়ের বিয়ের জন্য দেশে গিয়েছিলেন। বাংলাদেশে তার তিন মেয়ে, এক ছেলে ও স্ত্রী আছেন।

বর্তমানে আলমগীরের লাশ আল আইনের আল জিমি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষে তা দেশে পাঠানো হবে জানা গেছে।