যুক্তরাষ্ট্রে রণাঙ্গনের স্মৃতিচারণ করলেন মুক্তিযোদ্ধারা
সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ যুক্তরাষ্ট্র শাখা এ আয়োজন করে।
সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত ‘মুক্তিযোদ্ধা-সমাবেশে’ একাত্তরে রণাঙ্গনের স্মৃতিচারণ করেছেন প্রবাসী মুক্তিযোদ্ধারা।
রোববার নিউ ইয়র্কের উডসাইডে গুলশান টেরেসের মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে মুক্তিযোদ্ধাদের পরিবার-পরিজন ও প্রবাসীরা অংশ নেন।
ফোরামের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারির সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার।
প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম এ মোহিত।
বিশেষ অতিথি ছিলেন বীরপ্রতীক মুক্তিযোদ্ধা সিতারা রহমান, বীরপ্রতীক মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, অভিনেত্রী মুক্তিযোদ্ধা লায়লা হাসান, শিল্পী রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান এবং শারমিন আহমদ রিপি।
রাষ্ট্রদূত মোহিত বলেন, “একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল মাত্র ৫। সে সময় আমি না যেতে পেরেছি মুক্তিযুদ্ধে কিংবা দেখতেও পারিনি অথবা বুঝারও তেমন অবস্থা হয়নি। তাই মুক্তিযোদ্ধাদের সংস্পর্শে যখন আসি তখন আমি গভীর শ্রদ্ধায় আপ্লুত হই।”
সিতারা রহমান মুক্তিযুদ্ধে তার যোগদান এবং আগরতলার বিশ্রামগঞ্জে ৪০০ সিটের হাসপাতালে রাতে হারিকেন কিংবা টর্চলাইটের আলোতে কীভাবে আহত মুক্তিযোদ্ধাদের অস্ত্রোপচার করেছেন সেই স্মৃতিচারণ করেন।
তিনি বলেন, “বিশ্রামগঞ্জে আমরা হাসপাতাল কীভাবে পরিচালনা করছি তা দেখতে চেয়েছিলেন মুক্তিযোদ্ধাদের সর্বাধিনায়ক কর্নেল এম এ জি ওসমানী। সে উপলক্ষে নেতৃস্থানীয় মুক্তিযোদ্ধারাও এসেছিলেন হাসপাতালে। সে সময় ওসমানী সাহেব আমাকে বারবার ক্যাপ্টেন হিসেবে অভিহিত করেন। সেই থেকে আমি হয়ে গেছি ক্যাপ্টেন সিতারা রহমান।”
সমাবেশে আরও বক্তব্য দেন সুফিয়ান এ খন্দকার, মুক্তিযোদ্ধা আবিদুর রহমান, মো. ফজলুল হক, সায়েরা হক, মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ, সেক্টর কমান্ডারস ফোরামের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহাম্মেদ, সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা মো. আলী হোসেন এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার এ জেড এম সাজ্জাদ।
এ আয়োজনের সমন্বয় করেছেন ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, যুগ্ম সম্পাদক আলিম খান আকাশ, সাংস্কৃতিক সম্পাদক উইলি নন্দি এবং নির্বাহী সদস্য নুরুন্নাহার খান নিশা।
