দেশে ফেরার টিকিট-লাগেজ প্রস্তুত, ঘুম ভাঙলো না প্রবাসীর
আবুধাবির প্রত্যন্ত জনপদ সুইহানে বসবাস করতেন জহির আলী (৫১)।
বাংলাদেশে ফেরার টিকিট ও লাগেজ গোছানোসহ সব প্রস্তুতি আগের রাতেই নেওয়া ছিল, ফ্লাইট ধরার জন্য পরদিন সকালে যাওয়ার কথা ছিল বিমানবন্দরে।
কিন্তু মঙ্গলবারের সেই রাতে ঘুমানোর পর আর উঠলেন না সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির প্রত্যন্ত জনপদ সুইহানে বসবাস করা জহির আলী (৫১)। হবিগঞ্জের চুনারুঘাটের এ বাসিন্দা দেশে ছুটিতে যাওয়ার আগের রাতেই মারা গেছেন।
জহিরের প্রতিবেশী আরেক প্রবাসী আব্দুল্লাহ মামুন বিডিনিউজ টোয়েন্টিফোরকে এসব তথ্য জানান।
আব্দুল্লাহ বলেন, “আজ বুধবার দুপুরে তার বাংলাদেশে যাওয়ার জন্য শারজা থেকে এয়ার আরাবিয়ার ঢাকাগামী নির্ধারিত ফ্লাইট ছিল। দেশে যাওয়ার এয়ার টিকিট, লাগেজ গোছানোসহ সব প্রস্তুত রাখা ছিল। ফ্লাইট ধরার জন্য সকালে তার শারজা যাওয়ার কথা থাকলেও ঘুম থেকে আর উঠেননি তিনি।”
আব্দুল্লাহ জানান, রুমের লোকজন তাকে ডাকাডাকি করে মৃত অবস্থায় দেখতে পান এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ সুইহান হাসপাতালের মর্গে পাঠায়।
জহির আলী স্থানীয় সুইহান ক্যামেল রেইস ট্র্যাক সংলগ্ন মসজিদে মুয়াজ্জিনের কাজ করতেন। তিনি ২০ বছরেরও বেশি সময় ধরে প্রবাসী ছিলেন। দেশে তার স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রয়েছে।
‘মস্তিষ্কে রক্তক্ষরণে’ জহিরের মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন প্রবাসীরা।
