আমিরাতে শর্ট সার্কিট থেকে আগুনের ধোঁয়ায় প্রবাসীর মৃত্যু
দেশে জাহেদের স্ত্রী এবং ১০ ও ৩ বছর বয়সি দুই মেয়ে আছে।
সংযুক্ত আরব আমিরাতের আজমানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রবাসী এক বাংলাদেশি মারা গেছেন।
নিহতের নাম মোহাম্মদ আবু জাহেদ (৪৮), বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নে, পিতার নাম মোহাম্মদ এজাহার মিয়া।
শনিবার রাতে আজমানে ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নিহতের ভাগিনা আবুধাবির মুসাফফাহ প্রবাসী মোহাম্মদ মনির উল্লাহ।
ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, জাহেদ আজমানের একটি সুপারমার্কেটে সেলস সুপারভাইজার হিসেবে কাজ করতেন। ওইরাতে নৈশকালীন ডিউটি থাকার কথা ছিল তার। কাজে যাওয়ার আগে তিনি ঘরে বিশ্রাম নিচ্ছিলেন।
কিন্তু পাশের রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো বাসা। জাহেদের রুমমেট দ্রুত নিরাপদে বেরিয়ে যেতে পারলেও, ঘুমে আচ্ছন্ন থাকা জাহেদ ধোঁয়ার ভেতরেই আটকা পড়েন এবং শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।
খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে আজমানের শেখ খলিফা হাসপাতালে নিয়ে যায়।
প্রবাসীরা জানান, দেশে জাহেদের স্ত্রী এবং ১০ ও ৩ বছর বয়সি দুই মেয়ে আছে। ২০০৩ সালে ভাগ্যবদলের আশায় দূর পরবাসে পাড়ি জমিয়েছিলেন জাহেদ। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে প্রবাস জীবনের টানাপোড়েন নিয়ে পরিবারের মুখে হাসি ফোটানোর লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। দেশে শেষবার এসেছিলেন ২০২৫ সালে।
নিহত জাহেদের লাশ আজমান সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে। আইনি ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে লাশ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
