২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় পুলিশ হত্যা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ যুক্তরাষ্ট্রে

জ্বালাও-পোড়াও, ভাঙচুরের জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেন তারা।

ঢাকায় পুলিশ হত্যা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ যুক্তরাষ্ট্রে

জাতিসংঘের সামনের প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগ

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2023, 12:05 PM

Updated : 29 Oct 2023, 12:05 PM

ঢাকায় পুলিশ হত্যা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা-সমর্থকরা।

শনিবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরের সামনে এবং সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যামাইকায় পৃথক দুটি সমাবেশ করে তারা।

উভয় সমাবেশ থেকে জ্বালাও-পোড়াও, ভাঙচুর, পুলিশ হত্যা ও সাংবাদিকদের ওপর হামলার জন্য দায়ীদের শাস্তির দাবি জানানো হয়।

জাতিসংঘের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা প্রদীপ কর। তিনি তার বক্তব্যে অভিযোগ করেন, আন্দোলনের নামে বিএনপি-জামায়াত পুনরায় বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এতে আরও বক্তব্য দেন মাসুদুল হাসান, মোহাম্মদ আলী সিদ্দিকী ও এম এ জলিল।

Image

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দিচ্ছেন জাকারিয়া চৌধুরী

একইদিন সন্ধ্যায় জ্যামাইকায় হিলসাইড অ্যাভিনিউতে একটি পার্টি হলে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ করে। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জাকারিয়া চৌধুরী।

জাকারিয়া চৌধুরী বলেন, “পঁচাত্তরের বাংলাদেশ আর আজ ২০২৩ সালের বাংলাদেশ এক নয়। ষড়যন্ত্রের দিন শেষ।”

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য আমিনুল ইসলাম কলিন্স বলেন, “দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে বাংলাদেশ যেদিন টানেল যুগে প্রবেশ করলো, ঠিক সেদিনই বিএনপি-জামায়াত আন্দোলনের নামে বাংলাদেশে আবারো ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুরু করলো। এর মাধ্যমে তারা জাতিকে জানিয়ে দিতে চায় যে, বাংলাদেশ যাতে আর এগুতে না পারে।”

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মোর্শেদ খান বদরুল, কুইন্স বরো আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গির আলম, সহ সভাপতি মুক্তিযোদ্ধা হুমায়ূণ কবীর, সহ সভাপতি সমীরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, মশিউর রহমান, প্রচার সম্পাদক প্রবাল মির্জা, তথ্য সম্পাদক সৈয়দ রেজাউর রহমান তুহিন, ঝুমুর আকতার ও অজিৎ ভৌমিক।