থমথমে ইরাক, বাংলাদেশিদের নিরাপদে অবস্থানের পরামর্শ দূতাবাসের
জরুরি প্রয়োজনে যোগাযোগ করার জন্য পাঁচটি হটলাইন নম্বর প্রকাশ করেছে দূতাবাস।
ইরাকে নতুন করে রাজনৈতিক অস্থিরতার ফলে থমথমে পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার দূতাবাসের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানোর পাশাপাশি প্রয়োজনে যোগাযোগ করার জন্য হটলাইন নম্বর প্রকাশ করা হয়েছে।
বাগদাদে বাংলাদেশের রাষ্ট্রদূত ফজলুল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা প্রবাসীদের নিরাপদ অবস্থানে থাকার আহ্বান জানিয়েছি। প্রয়োজনে তারা হটলাইনের মাধ্যমে দূতাবাসের সাথে যোগাযোগ করতে পারবেন।”
মধ্যপ্রাচ্যের দেশটিতে কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার মধ্যে দুদিন আগে প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল-সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।
এরপর তার অনুসারীরা বাগদাদের গ্রিন জোনে প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালায় এবং প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে। এই সহিংসতায় প্রাণ যায় অন্তত ২২ জনের।
এ পরিস্থিতিতে মুক্তাদা আল-সদর মঙ্গলবার তার সমর্থকদের বিক্ষোভ থামানোর আহ্বান জানান, প্রাণহানির জন্য ক্ষমাও চান। তার ওই আহ্বানের পর বাগদাদে কারফিউ প্রত্যাহার করা হয়েছে বলে জানান রাষ্ট্রদূত।
ইরাকের বর্তমান পরিস্থিতির কথা জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি এখনও থমথমে। তবে কারফিউ প্রত্যাহার করায় এবং বিক্ষোভ বন্ধের আহ্বানের পর পরিস্থিতির উন্নতি হবে বলে তারা আশা করছেন।
এখন পর্যন্ত বাংলাদেশিদের কোনো ‘খারাপ খবর’ পাননি জানিয়ে রাষ্ট্রদূত বারী বলেন, “আমরা তাদের খোঁজখবর রাখার চেষ্টা করছি। যাদের সাথে যোগাযোগ হয়েছে, তাদেরকেও নিরাপদে থাকতে বলেছি।”
হটলাইন নম্বর
যে কোনো প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিদের যোগাযোগের জন্য পাঁচটি হটলাইন নম্বর বিজ্ঞপ্তিতে দিয়েছে দূতাবাস।
০৭৮২৭৮৮৩৬৮০
০৭৫০০৩৮৩০৭৫
০৭৮১৩৭০৫৭১৬
০৭৮০৯২৮৮৬৮০
০৭৭২৯০০৪০১০
ইরাকে কতজন বাংলাদেশি আছেন, তার সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায় না। তবে সেখানে ৫০ হাজারের মত বাংলাদেশি থাকতে পারেন বলে দূতাবাস কর্মকর্তাদের ধারণা।
রাষ্ট্রদূত ফজলুল বারী জানান, বিক্ষোভের কেন্দ্র গ্রিন জোনে কিছু বাংলাদেশি থাকলেও বেশিরভাগই আছেন বাইরে।
আরও পড়ুন
